তসলিমা নাসরীন কখনোই আনতর্জাতিকমানের লেখিকা নন - সুনীল গঙ্গোপাধ্যায়
তসলিমা নাসরীন জনপ্রিয় লেখিকা নাকি, বিতর্কিত লেখিকা-এ নিয়ে দুই বাংলার দুই জনপ্রিয় লেখক ও গবেষকের মধ্যে তুলকালাম কান্ড ঘটে গেছে নিউইয়র্কে অনুষ্ঠানরত ৩ দিনের আনতর্জাতিক বাংলা উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালায়। এ বিতর্কে অবতীর্ণ হন উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় এবং লেখক ও গবেষক ফজলুল আলম। ফজলুল আলম দাবি করেন যে, তসলিমা নাসরীন আনতর্জাতিকভাবে জনপ্রিয় লেখিকা হওয়া সত্বেও পাশ্চাত্যে তিনি তেমনভাবে সমাদৃত হচ্ছেন না। এ কথা বলার সাথে সাথে আপত্তি উত্থাপন করেন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, তসলিমা নাসরীন কখনোই আনতর্জাতিকমানের লেখিকা নন এবং জনপ্রিয় লেখিকাও নন, তিনি হলেন বিতর্কিত লেখিকা-এটাই হচ্ছে তার জন্যে উত্তম বিশেষণ। এ সময় উপস্থিত দর্শকের বড় একটি অংশ করতালিতে সমর্থন জ্ঞাপন করেন সুনীল গঙ্গোপাধ্যায়কে। নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন কর্তৃক বইমেলার ১৭ বছর পূর্তি উপলক্ষে ২৭ জুন থেকে নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকায় ৩দিনের আনতর্জাতিক বাংলা উৎসবে দুই বাংলা ছাড়াও কানাডা, জার্মানী, অষ্ট্রেলিয়া থেকে লেখক-লেখিকারা অংশ নিচ্ছেন। নতুন প্রজন্মের শিল্পী-সাহিত্যিকদেরও সমাগম ঘটছে। মূলমঞ্চে লেখক-পাঠক আলাপচারিতার সময়ে সুনীল গঙ্গোপাধ্যায় তোপের মুখে পড়েছিলেন স্বরস্বতী সম্পর্কে কট্যুক্তি করায়। সুধিজনের পক্ষ থেকে সুনীল গঙ্গোপাধ্যায়কে হুমকি প্রদানও করা হয়েছে স্বরস্বতীকে বিকৃতভাবে উপস্থাপনের জন্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করলে।
বাংলা উৎসবে দ্বিতীয় দিনের মধ্যমণি ছিলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন এবং তিন প্রজন্মের সঙ্গীতানুষ্ঠান ‘সুরের ভবনে’। এতে অংশ নেন পন্ডিত রামকানাই দাশ এবং তার কন্যা কাবেরী দাশ ও নাতনী পারমিতা মুমু। উপস্থিত সকলে তন্ময় হয়ে শ্রবন করেন এদের গান। এছাড়া কথাশিল্পী দিলারা হশেমকে এদিন সমমাননাও প্রদান করা হয় বাংলা সাহিত্যে অশেষ অবদানের জন্যে। মা নাটকে অংশ নেন বিশিষ্ট অভিনেতা জামালউদ্দিন হোসেন, রওশনআরা হোসেন এবং শীতেশ ধর। গভীর রাত অবধি সকল অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শ্যামা শ্যামলিপি, শারমীন শিবলী ইভা এবং ফাহিম রেজা নূর। কবিতা আলেখ্য পর্বে অংশ নেন রফিক আযাদ, জুনায়েদ আকতার, মুজিব বিন হক, লুৎফুন্নাহার লতা, শরফুজ্জামান মুকুল,হোসনে আরা বেবী, শ্রাবণী রায়, শুভ্রা গোস্বামী, সেমনতী ওয়াহেদ, সাবিনা হাই উর্বি, গোলাম মোসতফা এবং এ পর্বে গ্রন্থনায় ছিলেন সউদ চৌধুরী। বিভিন্ন পর্বে সঞ্চালক ছিলেন হাসান ফেরদৌস, মালবিকা গুহ, রানু ফেরদৌস, হুসনে আরা বেগম প্রমুখ।
Bangla Community News Tags: অষ্ট্রেলিয়া, কানাডা, জার্মানী, তসলিমা নাসরীন, নিউইয়র্ক, সুনীল গঙ্গোপাধ্যায়
Evergreen Bangla Community
Post Your Comments