৮ সপ্তাহ পর পুনরায় কানেকটিকাটে শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে
নিউইয়র্ক থেকে এনাঃ ৮ সপ্তাহ পর শেখ হাসিনাকে কানেকটিকাটে ইয়েল ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ল্যাবরেটরীতে আসতে হবে পুনরায় তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্যে। বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে ১৯ জুন বার্তা সংস্থা এনাকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বস্টনে ফ্রেমিংহাম স্টেট কলেজের অধ্যাপক ডঃ এ কে এ মোমেন। জনাব মোমেন আরো জানিয়েছেন যে, বৃহস্পতিবার দুপুরে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর রাত) পুত্র সজিব ওয়াজেদ জয়সহ পূত্রবধূ এবং নাতনীতে নিয়ে সভানেত্রী বস্টন ত্যাগ করেছেন ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে। সেখানে ৩/৪ দিন থাকবেন। এরপর ফ্লোরিডার ওরল্যান্ডোতে যাবেন কানের চিকিৎসার ফলোআপের জন্য। চিকিৎসা শেষে যাবেন কানাডায় কন্যা সায়মা হোসেন পুতুলের বাসায়। কানাডায় পুতুলের বাসায় মিলিত হবেন শেখ রেহানা। কয়েকদিন দু’বোন একত্রে কাটানোর পর উভয়ে যাবেন লন্ডনে। শেখ রেহানার ছেলের বিয়ে সংক্রান্ত একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান শেষে পুনরায় শেখ হাসিনা ফিরবেন যুক্তরাষ্ট্রে ছেলের বাসায়। সাবেক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বস্টন থেকে যোগদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সহসম্পাদক আব্দুস সোবহান গোলাপ এবং ঢাকা থেকে আগত শেখ হাসিনার বিশেষ সহকারী ডঃ হাসান মাহমুদ, নিরাপত্তা বিষয়ক প্রধান মেজর জেনারেল (অবঃ) তারেক আহমেদ সিদ্দিকী। জনাব গোলাপ স্থানীয় সময় রাত ১০টা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টা) য় ভার্জিনিয়া থেকে বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন যে, তারা নিরাপদেই সেখানেই পৌঁছেছেন। তিনি জানান, সভানেত্রী শারিরিকভাবে অসুস্থ হওয়ায় এখানেও পূর্ণ বিশ্রামেই থাকবেন। সজিব ওয়াজেদ জয়ের হার্ভার্ডে লেখাপড়া শেষ হয়েছে বিধায় বস্টন থেকে তারা সকলে ফিরলেন ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায়। জনাব গোলাপ বলেন, সভানেত্রীর চোখের চিকিৎসার সম্ভাবনা রয়েছে ভার্জিনিয়াতে। ইতিপূর্বে যে ডাক্তার তার চোখ পরীক্ষা করেছিলেন তার সাথেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
বস্টন এয়ারপোর্টে ১৩ জুন সন্ধ্যায় অবতরণের সময় যে শাড়ি পরিহিত অবস্থায় শেখ হাসিনাকে দেখা যায়, ঐ একই শাড়ি তিনি ১৮ জুন পর্যন্ত ব্যবহার করেন। এ বিষয়টি বস্টনে তাঁর ঘনিষ্ঠজনেরও দৃষ্টি এড়ায়নি। এ সময় শেখ হাসিনা বলেছেন যে, জেল থেকে বের হয়ে তাড়াহুড়োর মধ্যে ছিলাম। হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে রওয়ানা দেই। ১৯ জুন বস্টন থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওয়ানা দেয়ার সময় অবশ্য তিনি আর ঐ শাড়ি পরেননি। তার পরিবর্তে সেলোয়ার-কামিজ পরেন। দীর্ঘ ৬/৭ ঘন্টার গাড়ি ভ্রমণে শেখ হাসিনাকে কখনো দেড় বছর বয়েসী নাতনী সোফিয়ার সাথে হাস্য কৌতুক করতে দেখা যায়, আবার কখনো ভাবলেশহীনভাবে দূরে কোথায়ও দৃষ্টি নিক্ষেপ করেন। হয়তো তখন তার কানের ব্যাথা বেড়ে গিয়েছিলো কিংবা রক্তশূন্যতার প্রভাব বেড়েছিল। রাস্তায় যাত্রা বিরতির সময় অবশ্য সকলের সাথেই হাসিখুশীতে কুশলাদি বিনিময় করেন। ওয়াশিংটনে সভানেত্রীকে সাদর সম্ভাষণ জানানোর জন্যে নানা প্রস্তুতি ছিল মেট্র আওয়ামী লীগের নেতা-কর্মীদের। কিন্তু তারা পূর্বাহ্নে সময়সূচি জানতে পারেননি বিধায় আনুষ্ঠানিকতা সম্ভব হয়নি। তবে শেখ হাসিনা ভার্জিনিয়ায় এসে পৌঁছার সংবাদ জানার পরই মেট্র আওয়ামী লীগের নেতা মাহমুদুন্নবী বাকী নেতা-কর্মীদের সংগঠিত করেন।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, ওয়াশিংটন, কানাডা, কানেকটিকাট, নিউইয়র্ক, লন্ডন, শেখ হাসিনা
Evergreen Bangla Community
Post Your Comments