নিউইয়র্কে প্রেসক্লাবের সমাবেশেঃ সিপিজে প্রশংসা করলো বাংলাদেশের সাহসি সাংবাদিকতার
নিউইয়র্ক থেকে এনাঃ বাংলাদেশের সাংবাদিকদের সাহসের প্রশংসা করলেন সারাবিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিষ্টস’ (সিপিজে) এর এশিয়া বিষয়ক প্রোগ্রাম কো-অর্ডিনেটর বব ডায়েটজ। ১৮ জুন নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যকালে সিপিজের সমন্বয়কারী আরো বলেন, নানাবিধ প্রতিকূলতা সত্বেও বাংলাদেশের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রেখেছেন। সেই ধারাকে সুদূর এ প্রবাসেও সমুন্নত রাখার প্রয়াসে গঠন করা হয়েছে এই প্রেসক্লাব-এটা আমেরিকার মিডিয়া জগতের জন্যেও নিঃসন্দেহে একটি ভাল খবর। মিঃ বব ডায়েটজ বলেন, নিউইয়র্কের বাংলাদেশী সংবাদপত্রগুলোতে কর্মরত সাংবাদিকরা আমেরিকার মূল্যবোধকে সমুন্নত রাখতে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়োবেন বলে সিপিজে আশা করছে। তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকরা বর্তমানে কঠিন সময় অতিবাহিত করছেন। অনেকে জীবনের ঝুঁকি নিয়েও পেশাগত দায়িত্ব পালন করছেন। এ বিষয়টি ইতিমধ্যেই গোটাবিশ্বের সচেতন মানুষ জানতে সক্ষম হয়েছেন। কুইন্সের ফ্লাশিং মেডো পার্কে ‘টেরেস অন দ্য পার্ক‘র পেন্থ হাউজের মিলনায়তনে প্রেসক্লাবের এ সমাবেশে নিউইয়র্ক টাইমস ফাউন্ডেশনের পরিচালক মিঃ ওয়েনস্টাইন, আমস্টারডাম নিউজের প্রকাশক ইলিনর টাটুম, নিউইয়র্ক কম্যুনিটি মিডিয়া এলায়েন্সের নির্বাহী পরিচালক যোয়ানা পন্স লিয়ন, নিউইয়র্ক স্টেট গভর্ণরের প্রতিনিধি রণ কিম, নিউইয়র্ক সিটি মেয়রের প্রতিনিধি ইমিগ্রেশন বিষয়ক কমিশনার ডঃ লিনারেস শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারা সকলেই নিউইয়র্কে বাংলাদেশী সাংবাদিকদের পেশাগত নিষ্ঠাবোধকে সশ্রদ্ধ চিতে্র স্মরণ করেন এবং বাংলাদেশের উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই বলে মন্তব্য করেন। অভিযেক উপলক্ষে মার্কিন কংগ্রেসের পক্ষে কংগ্রেসওম্যান এভিটে ডি ক্লার্ক একটি ‘সাইটেশন’ প্রদান করেন প্রেসক্লাবকে। এছাড়া নিউইয়র্ক স্টেট, সিটি মেয়র, নাসাউ কাউন্টির পক্ষ থেকেও ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় করে প্রক্ল্যামেশন প্রদান করা হয়। এগুলো গ্রহণ করেন প্রেসক্লাবের প্রেসিডেন্ট সাঈদ-উর রব। তিনি শুভেচ্ছা বক্তব্যে কম্যুনিটির সুধিজনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সর্বিক সহায়তা দেয়ার জন্য। এছাড়া নবগঠিত এই প্রেসক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে মূলধারা এবং কম্যুনিটির আন্তরিক সহায়তা প্রত্যাশা করেন তিনি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দর্পণ কবির স্বাগত বক্তব্যে বলেন, কম্যুনিটির উন্নয়ন অগ্রগতিকে ত্বরান্বিত করতে প্রেসক্লাবের ভূমিকা অপরিসীম। শেষ পর্বে বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, নজরুল গীতির শিল্পী লিনা তাপসীর পরিবেশনা সকলকে মোহিত করে। এ সময় দর্শক সাড়িতে ছিলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনসহ নিউইয়র্ক সফররত ক্লোজআপ ওয়ানের শিল্পীরা।
Bangla Community News Tags: ইমিগ্রেশন, নিউইয়র্ক
Evergreen Bangla Community


Post Your Comments