এটিএন বাংলার মুন্নী সাহা লাখ টাকার পুরষ্কার পাচ্ছেন
নিউইয়র্ক থেকে এনাঃ জীবনের প্রচন্ড ঝুঁকি নিয়ে দুর্নীতি, অনাচার, অপকর্মের বস্তুনিষ্ট সংবাদ প্রচারের জন্যে এটিএন বাংলার সাংবাদিক মুন্নী সাহাকে লাখ টাকার পুরষ্কার দেয়া হচ্ছে। নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর এডভান্সমেন্ট অব বাংলাদেশ’ তথা আইক্যাব এ পুরষ্কার ঘোষণা করেছে। এখন থেকে প্রতি বছরই অনুসন্ধানী প্রতিবেদনের জন্যে একজন করে সাংবাদিককে লাখ টাকার পুরষ্কার দেয়া হবে। আইক্যাব’র পরিচালক ডঃ দেলওয়ার হোসেন ১৩ জুন বার্তা সংস্থা এনাকে এ তথ্যের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ২২ জুন ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার বিতরণ করা হবে। এজন্যে আইক্যাবের সভাপতি মোহাম্মদ সালেহ এবং পরিচালক সৈয়দ টিপু সুলতান ঢাকায় গেছেন। তিনি বলেন, এ পুরষ্কার নির্দ্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জাতীয় প্রেসক্লাবের সার্বিক সহায়তায়। তারা মোট ৬ জন সাংবাদিকের তালিকা দিয়েছিলেন আমাদেরকে। কেন এ ৬ জনকেই পুরষ্কার দেয়া উচিত-তার সপক্ষে বিস্তারিত যুক্তিও প্রদর্শন করেছিলেন আইক্যাবের অনুরোধে। এরপর আইক্যাবের কর্মকর্তারা ঐ ৬ জনের মধ্যে থেকে একজন অর্থাৎ মুন্নী সাহাকে পুরষ্কারের জন্যে মনোনীত করেছে। আইক্যাব জানিয়েছে, এখন থেকে প্রতি বছরই অনুসন্ধানী সাংবাদিকতার জন্যে একজন করে সাংবাদিককে লাখ টাকার এই পুরষ্কার দেয়া হবে।
Bangla Community News Tags: এটিএন বাংলা, নিউইয়র্ক
Evergreen Bangla Community
Post Your Comments