আগস্টে যুক্তরাষ্ট্রে মেড ইন বাংলাদেশ বাণিজ্যমেলা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে ১৫ থেকে ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে মেড ইন বাংলাদেশ শীর্ষক এক বাণিজ্যমেলা। ঢাকা শেরাটন হোটেলে গতকাল অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সম্পূর্ণ বাংলাদেশি পণ্য ও সেবা নিয়ে যুক্তরাষ্ট্রে এ ধরনের আয়োজন এই প্রথম। নিউইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান ফার্স্ট মাল্টিপারপাস সার্ভিসেস, এলএলসি (এফএমএস) ও বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা মাত্রা যৌথভাবে এ আয়োজন করছে। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরো নিবিড় করার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য এবং সেবার বাজার সম্প্রসারণ ও বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধান এ বাণিজ্যমেলার অন্যতম উদ্দেশ্য।
যেসব পণ্য ও সেবাখাত এ বাণিজ্যমেলা থেকে সুবিধা পেতে পারে তা হলো তৈরি পোশাক (নিট ও ওভেন), হোম টেক্সটাইল, তথ্যপ্রযুক্তি, সিরামিক (টাইলস ও টেবলঅয়্যার), মেলামাইন ও প্নাস্টিক সামগ্রী, হস্তশিল্প সামগ্রী, আসবাবপত্র, চামড়া ও চামড়াজাত সামগ্রী, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, মশলা ও আচার, চা ও সংশি্নষ্ট পণ্য, পুনঃব্যবহৃত কাচ সামগ্রী, পর্যটন ও আপ্যায়ন, গৃহায়ন ও আবাসন, টেস্টিং/সার্টিফিকেশন/মান নিয়ন্ত্রণ/জরিপের সঙ্গে সংশি্নষ্ট প্রতিষ্ঠানগুলো এবং শিপিং এজেন্ট, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ইত্যাদি সেবাপ্রদানকারী সংস্থা।
মেলার অন্যান্য সাধারণ সুবিধা ছাড়াও আয়োজকরা মেলায় ক্রেতা-বিক্রেতার আলোচনার ব্যবস্থা করবেন। বাংলাদেশি যে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে জনপ্রিয়, সেগুলোর মাধ্যমে এ মেলা সম্পর্কে প্রচারণা চালানো হবে। এছাড়া ইন্টারনেট ও ডিরেক্ট মেইলিংয়ের মাধ্যমে ক্রেতা বা সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এফএমএসের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হোসেন জব্বার, মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন ও সানাউল আরেফিন, এফএমএসের ইভেন্ট ম্যানেজার রাগীব আহসান, মাত্রার সিইও আনিসুর রহমান মাহমুদ ও চ্যানেল আইয়ের পক্ষে শহিদুল আলম সাচ্চু।
Bangla Community News Tags: নিউইয়র্ক, প্রবাসী
Evergreen Bangla Community
Post Your Comments