প্রতিবাদ সমাবেশে কানাডা বিএনপি সভাপতি ফয়সল আহমদ চৌধুরী
প্রতিবাদ সমাবেশে কানাডা বিএনপি সভাপতি ফয়সল আহমদ চৌধুরী : জরুরী অবস্থার ‘দুরবস্থা’ হতে জাতিকে মুক্তি দিন
কানাডা সংবাদদাতাঃ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের মুক্তি এবং জরুরী অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছে কানাডা বিএনপি। গত বৃহষ্পতিবার মন্ট্রিলে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা এই দাবি জানায়।
সমাবেশে কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী বলেন, একটি বিশেষ মহলের ষড়যন্ত্রে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক আটটি মিথ্যা মামলা দায়ের করা হলেও ইতোমধ্যে সবগুলো মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট এবং ৬টি মামলায় তাকে জামিন দিয়েছে। আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি অপর দুটি মামলা থেকেও জামিন পাবেন ইনশাআল্লাহ। তিনি উচ্চ আদালতের দিকে সরকারি হস্তক্ষেপের প্রতি সকলকে সতর্ক থাকার আহবান জানান।
আশির দশকের সিলেট অঞ্চলের ছাত্রনেতা ফয়সল চৌধুরী আরো বলেন, অনাহারি মানুষের মাঝে খাবার বিতরণের মতো মানবিক কর্মকান্ডে ‘বাধা’ দেয়া অমানবিক। তিনি যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালকে জামিন দিয়ে আবার জেল গেটে গ্রেফতার এবং মৌলভীবাজার ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতারের নিন্দা জানান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারি প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন, মহিলা এমপিসহ ছাত্রদলের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে জরুরী আইন ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে জরুরী অবস্থার ‘দুরবস্থা’ হতে জাতিকে মুক্তি দেয়ার দাবি জানান।
কানাডা বিএনপির সাধারন সম্পাদক আরমান মিয়া মাষ্টার বলেন, নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে অনেক নাটক ও কোর্ট কাচারি হয়েছে। তিনি হুদা কমিশনের বেহুদা কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির প্রতীক ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে চক্রান্ত করবেন না। জাতি আপনাদের তামাশা সহ্য করবে না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও কুইবেক প্রাদেশিক বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান খান জাহিদ বলেন, অনির্বাচিত এই সরকার জিয়া পরিবার ও বিএনপির সাথে ছাত্র-শিক্ষকদেরও টার্গেট করেছে। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের কারাদন্ড দিয়েছে। ঢাকা কলেজের প্রবীণ ভাইস প্রিন্সিপালও পুলিশি হামলার হাত থেকে রেহাই পাননি।
মহিলা দল সভানেত্রী রোকেয়া খান বলেন, নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলেও বাংলার নারীরা স্বাধীনতা পায়নি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষিত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় কর্মীদের হাতেই লাঞ্চিত হয়েছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্মসাধারন সম্পাদক সীমা ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্যাহ সোহেল, জিয়া পরিষদের সাধারন সম্পাদক কাজী শাহজাহান সাজু, তোফায়েল মোর্শেদ, তারেক তরফদার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন কানাডা বিএনপির দপ্তর সম্পাদক মকসুম ইকবাল তরফদার।
Bangla Community News Tags: কানাডা, খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি
Evergreen Bangla Community


Post Your Comments