জাতীয় নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে নিউইয়র্কে ওলেমা পরিষদের সমাবেশ
নিউইয়র্ক থেকে এনাঃ নিউইয়র্ক সিটির মদিনা মসজিদে উত্তর আমেরিকাস্থ ওলেমা পরিষদের উদ্যোগে ১৭ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত এক সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবি জানানো হয়েছে। সমাবেশ থেকে অভিযোগ করা হয় যে, পবিত্র কোরআনেই নারীর স্থান নির্ধারিত হয়েছে। পবিত্র কোরআন-হাদিসের আলোকে নারীরা যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। কিন্তু বিদেশীদের মদদে বর্তমান সরকার নারী উন্নয়ন নীতিমালার নামে নারীদের অধিকারকে খর্ব করা চক্রান্তে লিপ্ত হয়েছে। বিভিন্ন পর্যায়ে কোটা প্রথা প্রবর্তনের মাধ্যমে নারীদের প্রতিভা এবং যোগ্যতাকে করুণার পাত্রে পরিণত করা হচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করেন মদিনা মসজিদের ইমাম মৌলানা ইউসুফ এবং পরিচালনা করেন আশরাফুজ্জামান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, মৌলানা যা্কারিয়া, সাইদুর রহমান, মোশারফ খাদেম, মুফতি জামালউদ্দিন, এডভোকেট নাসির উদ্দিন প্রমুখ। সমাবেশ থেকে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান, জুমআর নামাজ শেষে প্রত্যেক মসজিদে প্রতিবাদ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Bangla Community News Tags: নিউইয়র্ক, বিএনপি
Evergreen Bangla Community


Post Your Comments