সেনাপ্রধান সমীপে ঐক্য পরিষদের স্মারকলিপিঃ বাংলাদেশের সংবিধানের পরিপন্থি শত্রু সম্পত্তি আইন বাতিল করুন
সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ সমীপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইটালী, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মানী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রেরিত এক স্মারকলিপিতে বাংলাদেশের সংবিধানের পরিপন্থি শত্রু সম্পত্তি আইন বাতিলের আবেদন জানানো হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বহির্বিশ্ব শাখাগুলোর সমন্বয়কারী শিতাংশু গুহ ২৯ মার্চ ভোর রাতে বার্তা সংস্থা এনাকে এ তথ্য জানিয়ে বলেন, গত বছর সেনাপ্রধান নিউইয়র্কে কম্যুনিটির সমাবেশে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বলতে কিছু নেই, সকলেই আমরা বাংলাদেশী বাঙালি। সেনাপ্রধানের কথার জের ধরেই আমরা বলতে চাচ্ছি যে, তাই সংখ্যালঘু নির্যাতনের হাতিয়ার হিসেবে চিহ্নিত শত্রু সম্পত্তি আইনকেও বাতিল করা উচিত। শিতাংশু গুহ বলেন, ইতিমধ্যেই বর্তমান কেয়ারটেকার সরকারের অন্যতম সহযোগী হিসেবে সেনাপ্রধানের আগ্রহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। ঐক্য পরিষদের স্মারকলিপিতে স্টেট ডিপার্টমেন্টের উদ্ধৃতি দিয়ে আরো বলা হয়েছে, শত্রু সম্পত্তি আইনের মাধ্যমে গত ৩৫ বছরে বাংলাদেশের হিন্দুদের ২৫ লাখ একর জমি অন্যকে লিখে দেয়া হয়। এই আইনের মাধ্যমে রাজস্ব বিভাগের কর্মচারি-কর্মকর্তাদেরকে দুর্নীতিবাজে পরিণত করা হয়। এই আইনের সুবাদে আওয়ামী লীগ এবং বিএনপির অসংখ্য নেতা-কর্মী সংখ্যালঘুদের সহায়-সম্পদ গ্রাস করেছেন।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: অস্ট্রেলিয়া, আওয়ামী লীগ, ইটালী, কানাডা, জাপান, নিউইয়র্ক, বিএনপি, বেলজিয়াম, যুক্তরাজ্য
Evergreen Bangla Community


Post Your Comments