জিয়া পরিবারের মুক্তিসহ ৯ দফা কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্য বিএনপির
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে উত্থাপিত সকল মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি, জরুরী আইন প্রত্যাহার, সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়াসহ ৯ দফা দাবি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি। ২৮ মার্চ পূর্ব লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব কমরউদ্দিন এবং সেক্রেটারী আব্দুল মালিক উপরোক্ত দাবিনামা আদায়ের জন্যে একাত্তরের চেতনায় প্রবাসীদের ঐক্যবদ্ধ করার সংকল্পও ব্যক্ত করেছেন। তারা বলেন, বিএনপিকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রের বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে জিয়া পরিবারের ৩ সদস্যকে জেলে নেয়া হয়েছে। এখন চলছে সাজানো মামলায় চার্জশিট প্রদানের মহড়া। একইসাথে বাংলার বীর মুক্তিযোদ্ধা রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের সহধর্মীনি এবং চিকিৎসক কন্যাকেও তারেক রহমানের সাথে মামলার আসামী করা হয়েছে। সংবাদ সম্মেলনে কেয়ারটেকার সরকারের এহেন আচরণকে প্রতিহিংসামূলক হিসেবেও অভিহিত করা হয়।
৯ দফা কর্মসূচির মধ্যে আরো রয়েছে, জিয়া পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীকে নিঃশর্তে মুক্তি, অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা, বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ বন্ধ, বেগম জিয়ার পর্যাপ্ত আইনী সহায়তা নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনা। প্রসঙ্গত উলে্নখ্য যে, ইতিপূর্বে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনকে বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি মোস্তফা কামাল পাশা বাবুল এবং সেক্রেটারী গোলাম ফারুক শাহীন এক যুক্ত বিবৃতিতে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সসম্মানে মুক্তির দাবি জানিয়েছেন।
সূত্রঃ এনা, লন্ডন।
Bangla Community News Tags: খালেদা জিয়া, তারেক রহমান, প্রবাসী, বিএনপি, মুক্তিযোদ্ধা, যুক্তরাজ্য, লন্ডন
Evergreen Bangla Community


Post Your Comments