জিয়া পরিবারকে মুক্তি না দেয়া পর্যন্ত লন্ডনের বাংলাদেশ হাই কমিশনকে বর্জনের কর্মসূচি দিল যুক্তরাজ্য বিএনপি
জিয়া পরিবারকে মুক্তি ও জরুরী আইন প্রত্যাহার করে জাতীয় নির্বাচনের তপসিল ঘোষণা না করা পর্যন্ত যুক্তরাজ্যের প্রবাসীরা হাই কমিশনের সকল কর্মকান্ড বর্জন এবং কেয়ারটেকার সরকারের প্রতিনিধিত্বকারী কেউ লন্ডনে এলেই তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব লন্ডনে বারনার ক্লাব মিলনায়তনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন এই শাখার সভাপতি আলহাজ্ব কমরউদ্দিন আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ মালেক। জিয়া পরিবারকে হয়রানি এবং বিএনপিকে খন্ড-বিখন্ড করার গভীর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন বক্তারা। বক্তারা বলেছেন, অতীতেও বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি, এবারও হবে না। বিএনপির নেতা-কর্মীদের ঐক্যের কাছে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে বলেও বক্তারা মন্তব্য করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিদুর রহমান, মিয়া মনিরুল আলম, শরিফুজ্জামান চৌধুরী তপন, তাজুল ইসলাম, সিরাজ মিয়া, আবুল কালাম আযাদ, নাসিম হুসেন চৌধুরী, এনামুল হক লিটন প্রমুখ। সমাপনী বক্তব্যে আলহাজ্ব কমরউদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার সফরের সময় ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের জন্য। তিনি বলেন, স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে অথচ স্বাধীনতার ঘোষকের পরিবারের সকল সদস্যকেই রাখা হয়েছে কারাগারে। এটা কেমন আচরণ তথাকথিত কেয়ারটেকার সরকারের?
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: প্রবাসী, বিএনপি, যুক্তরাজ্য, লন্ডন, স্বাধীনতা দিবস
Evergreen Bangla Community


Post Your Comments