নিউইয়র্ক প্রেসক্লাব কর্তৃক বাংলাদেশের চিত্রশিল্পীদের ফুলেল শুভেচ্ছা
রফিকুন্নবী, কালিদাস কর্মকারসহ বাংলাদেশের সেরা চিত্রশিল্পীদের প্রাণঢালা অভ্যর্থনা জ্ঞাপন করলো নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব।’ ১৯ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে বর্ণাঢ্য এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রেসিডেন্ট সাঈদ-উর রব এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সেক্রেটারী দর্পণ কবীর। বেঙ্গল গ্যালারী অব ফাইন আর্টসের নেতৃত্বে নিউইয়র্কে আগত চিত্রশিল্পী রফিকুন্নবী, কালিদাস কর্মকার, ফরিদা জামান, শেখ আফজাল, রোকেয়া সুলতানা, খোরশেদ আলম সেলিম এবং বেঙ্গল গ্যালারী অব ফাইন আর্টসের পরিচালক খ্যাতনামা চিত্রশিল্পী সুবির চৌধুরী অনুষ্ঠানস্থলে এলে প্রেসক্লাবের পক্ষ থেকে তাদেরকে বিশেষভাবে অভ্যর্থনা জ্ঞাপন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শিল্পী রফিকুন্নবী নবগঠিত এ প্রেসক্লাবের সাফল্য কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশী হাজার বছরের ঐতিহ্যমন্ডিত বাঙালি সংস্কৃতিকেও সুদূর এ প্রবাসে নতুন প্রজন্মে বিকশিত করতে সচেষ্ট থাকতে হবে সকলকে। তিনি প্রেসক্লাবের সকলকে অভিনন্দন জানান, জীবন সংগ্রামের মধ্যে থেকেও প্রিয় মাতৃভূমির জন্যে নিরলস শ্রম দিয়ে যাবার জন্যে। তিনি আশা পোষণ করে বলেন যে, এই প্রেসক্লাবই একদিন প্রবাসে স্বদেশ-সংস্কৃতি চর্চার মিলনকেন্দ্রে পরিণত হবে। শিল্পী কালিদাস কর্মকার বলেন, নিউইয়র্কে বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে আরো জনপ্রিয় করার স্বার্থে একটি আর্ট গ্যালারীর বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রেসক্লাব অগ্রনী ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের এই শিল্পী দলকে নিউইয়র্কের সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন বেঙ্গল গ্যালারীর পরিচালক সুবির চৌধুরী। উলে্নখ্য যে, বাংলাদেশ সময় শুক্রবার ভোর রাত থেকে জাতিসংঘ সদর দফতর সংলগ্ন টার্কিশ কালচারাল এন্ড ট্যুরিজম সেন্টারে ‘বাংলাদেশ কনটেম্পরারী আর্ট উইক’ শিরোনামে ৯ দিনব্যাপী একটি চিত্রপ্রদর্শনীতে অংশ নেয়ার জন্যে উপরোক্ত আর্টিস্টরা গত ১৭ মার্চ নিউইয়র্কে এসেছেন। জাতিসংঘে বাংলাদেশ মিশনের সহায়তায় বেঙ্গল গ্যালারী অব ফাইন আর্টসের এ প্রদর্শনীতে বাংলাদেশের প্রথিতযশা আড়াই ডজন শিল্পীর ৪২টি চিত্রকর্ম স্থান পাবে। শিল্পীদের এ টিমে নিউইয়র্কে বসবাসরত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী খোরশেদ আলম সেলিমও রয়েছেন। এ প্রদর্শনীর উদ্বোধন করবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ইসমত জাহান এবং নিউইয়র্কস্থ এশিয়ান কালচারাল কাউন্সিলের পরিচালক রাল্ফ স্যামুয়েলসনও এ সময় বক্তব্য রাখবেন। এছাড়া জাতিসংঘের উর্দ্ধতন কর্মকর্তাদেরও উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের সেরাশিল্পীদের এ চিত্র প্রদর্শনীর ব্যাপারে কম্যুনিটিতেও বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
এদিকে বাংলাদেশের উপরোক্ত সেরা শিল্পীদেরকে ‘নাগরিক সংবর্ধনা’ প্রদান করা হবে ২৪ মার্চ। নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় ক্লাব সনমের মিলনায়তনে বর্ণাঢ্য এ সংবর্ধনার আয়োজন করেছে উত্তর আমেরিকায় সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘সাপ্তাহিক ঠিকানা।’
Bangla Community News Tags: জাতিসংঘ, সাপ্তাহিক ঠিকানা
Evergreen Bangla Community


Post Your Comments