লন্ডনে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের সাথে মতবিনিময়
লন্ডনে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বললেন ’আপনি কি বলতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না’
প্রধান উপদেষ্টা ডঃ ফখরুদ্দিন আহমেদ বলেছেন যে, সম্পদের হিসাব প্রকাশই স্বচ্ছতার ইন্ডিকেটর নয়, সরকারের উপদেষ্টারা যা করছেন তা আপনারা জানেন। ১৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে একজন সাংবাদিক সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রসঙ্গ উত্থাপন করে উপদেষ্টাবৃন্দের সম্পদের হিসাব পেশ করার কথা জানতে চাইলে প্রধান উপদেষ্টা এ অভিমত পোষণ করেন। মাইনাস টু ফর্মুলার প্রসঙ্গ উত্থাপন করলে ডঃ ফখরুদ্দিন কৌশলে সে প্রসঙ্গ এড়িয়ে বলেন, আপনি কি বলতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশীদের হস্তক্ষেপ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটা বরদাশত করি না। আগের চেয়ে এ জাতীয় ঘটনার ফ্রিকোয়েন্সী কমে গেছে। আমরা তাদের বুঝিয়ে দিয়েছি, আমরা এগুলো পছন্দ করি না। আমরা তাদেরকে লাইনে নিয়ে এসেছি।
এর আগে প্রধান উপদেষ্টা ডাউনিং স্ট্রীটে বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সাথে বৈঠকে মিলিত হন। দু’দেশের স্বার্থ সংশি্নষ্ট বিষয়, বিশেষ করে রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়া এবং স্বার্থ-সংশি্নষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন বলে কূটণেতিক সূত্রগুলো জানিয়েছেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ডঃ ইফতেখার আহমেদ চৌধুরী এবং ঢাকায় বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীও উপস্থিত ছিলেন। এ বৈঠক চলাকালে বৃটিশ প্রধানমন্ত্রীর অফিসের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শেখ হাসিনা ও বেগম জিয়ার মুক্তি, অবিলম্বে জরুরী আইন প্রত্যাহার ও জাতীয় নির্বাচনের তপসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব কমরউদ্দিন আহমেদ এনাকে জানিয়েছেন, কেয়ারটেকার সরকারের গণবিরোধী আচরণের প্রতিবাদ আমরা জানিয়েই যাবো।
সূত্রঃ এনা, লন্ডন।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, বিএনপি, শেখ হাসিনা
Evergreen Bangla Community



Post Your Comments