স্টেট ডিপার্টমেন্টের সামনে শেখ হাসিনার মুক্তি দাবিতে যুবলীগের প্রতিক অনশন
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি এবং চিকিৎসার্থে যুক্তরাষ্ট্রে আসতে দেয়ার জন্যে স্টেট ডিপার্টমেন্টের হস্তক্ষেপ কামনায় ১৭ মার্চ দুপুরে স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা-কর্মীরা প্রতিক অনশন কর্মসূচি পালন করেন। এ কর্মসূচির নেতৃত্ব দেন যুবলীগ সভাপতি মিসবাহ আহমেদ এবং এতে অংশ নেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি কায়কোবাদ খান, প্রচার সম্পাদক এম এ রহিম, ফাহিম জামান, হাজী এনাম প্রমুখ। পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক বাদল আকন্দ, মেট্র আওয়ামী লীগের নেতা রফিক পারভেজ এবং মাহমুদুন্নবী বাকী।
এর আগে স্টেট ডিপার্টমেন্টের সামনে শেখ হাসিনার মুক্তি, জরুরী আইন প্রত্যাহার ও জাতীয় নির্বাচনের তপসিল ঘোষণার দাবিতে ওয়াশিংটন মেট্র আওয়ামী লীগের সহায়তায় যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ এবং যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সম্মিলিত উদ্যোগে বিরাট একটি বি্েক্ষাভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার মুক্তি চাই, জরুরী আইন বাতিল করো, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাও, দুর্নীতি দমনের নামে শুধুমাত্র রাজনীতিকদের হয়রানি চলবে না, সংস্কারের নামে আওয়ামী লীগকে ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ কর ইত্যাদি শে্নাগানে প্রকম্পিত করেন বিক্ষোভে অংশগ্রহণকারী নেতা-কর্মী-সমর্থকরা। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মহিউদ্দিন দেওয়ান এবং সমাবেশ পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ডঃ সিদ্দিকুর রহমান এবং আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের আহবায়ক আর আমিন, কৃষক লীগের আহবায়ক নুরুজ্জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক বাদল আকন্দ, সদস্য-সচিব কায়কোবাদ খান, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন জলিল, যুবলীগ নেতা ইকবাল হোসেন, হাজী মনিরুল হক, ওয়াশিংটন মেট্র আওয়ামী লীগের আহবায়ক রফিক পারভেজ, সদস্য-সচিব মাহমুদুন্নবী বাকী, মোস্তাফিজুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রাক্তন সেক্রেটারী শামীম চৌধুরী, সাদেক খান, শেখ সেলিম, হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা অসুস্থ শেখ হাসিনাকে মুক্তি না দিয়ে সরকার অমানবিক আচরণ করছে বলে অভিযোগ করেন। তারা স্টেট ডিপার্টমেন্ট এবং আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন এহেন অমানিবক আচরণ থেকে কেয়ারটেকার সরকারকে নিবৃত করতে এবং অবিলম্বে জরুরী আইন প্রত্যাহার ও সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে। বিক্ষোভ-সমাবেশ চলাকালে সেখানে উপস্থিত হন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ। সকলে অবাক বিস্ময়ে তার দিকে তাকানোর আগেই তিনি বিক্ষোভকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমার স্বামী নির্দোষ। খালেদা-হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন অভিযোগ দায়ের করতে সক্ষম হয়নি কেয়ারটেকার সরকার অর্থাৎ তাদেরকেও অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। হাসনা মওদুদ বলেন, ১/১১ এর কোন প্রয়োজন ছিল না, সেটি বিশেষ মহল সৃষ্টি করেছে। তিনি বলেন, এ সরকারের প্রতি আপামর মানুষের সমর্থন কখনোই ছিল না, জোর করে সমর্থন আদায় করা হয়েছে। হাসনা মওদুদকে এ সময় বার্তা সংস্থা এনার প্রতিনিধি জিজ্ঞাসা করেছিলেন যে তিনি আওয়ামী লীগে যোগদান করতে চান কিনা কিংবা তাঁর স্বামী পুনরায় দল বদল করে বিএনপি থেকে আওয়ামী লীগে আসবেন কিনা। এর জবাবে স্পষ্টভাবে বলেন, আমি জীবনে কখনো রাজনীতি করিনি। ভবিষ্যতেও করবো না। তবে কেয়ারটেকার সরকারের স্বৈরাচারি আচরণ ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকবো। তিনি বলেন, আমার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ যে নির্দোষ তার প্রমাণ স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টেও প্রকাশ পেয়েছে। মিসেস মওদুদ বলেন, আমি আন্তর্জাতিক মহলকে অবহিত করছি কেয়ারটেকার সরকারের গণবিরোধী আচরণের ব্যাপারে।
সূত্রঃ এনা, ওয়াশিংটন ডিসি।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, বিএনপি, শেখ হাসিনা
Evergreen Bangla Community



Post Your Comments