সেক্টর কমান্ডার্স ফোরামের জাতীয় কনভেনশনের অনুমতি না দেয়ায় প্রবাসের মুক্তিযোদ্ধাদের বিস্ময় প্রকাশ
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসীরা বিস্ময় প্রকাশ করেছেন ঢাকায় সেক্টর কমান্ডার্স ফোরামের জাতীয় কনভেনশনের অনুমতি না দেয়ার সংবাদে। এক যুক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বীর সেনাদের সম্মেলনের মাধ্যমে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা রয়েছে-এ অজুহাতেই অনুমতি প্রদান করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে যে, যুদ্ধাপরাধীদের বিচারে জনমত সোচ্চারের ক্ষেত্রে বাধা প্রদানের অভিপ্রায়েই মুক্তিযোদ্ধাদের জাতীয় কনভেনশনের অনুমতি দেয়া হয়নি। স্বাধীনতার মাসেও মুক্তিযোদ্ধাদের সাথে এহেন মনোভাব পোষণের ঘটনা সত্যি নিন্দনীয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডঃ নূরন্নবী, ডঃ মহসিন আলী, নূরনবী কমান্ডার, বাদল আকন্দ, বঙ্গবন্ধু পরিষদের পক্ষে ডঃ সিদ্দিকুর রহমান, শিতাংশু গুহ, যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক ইকবাল হোসেন প্রমুখ। বিবৃতিদাতারা সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, অনুমতি না দেওয়ার ঘটনা ন্যক্কারজনক। তবে এরপরও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে সুদূর এই প্রবাস থেকেই।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিষদ, যুদ্ধাপরাধী
Evergreen Bangla Community



Post Your Comments