প্রবাসী মুক্তিযোদ্ধাদের যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ২১ মার্চের কনভেনশনের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন
যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ২১ মার্চ ঢাকায় সেক্টর কমান্ডার্স ফোরামের ডাকে জাতীয় কনভেনশনের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করেছেন প্রবাসী মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসীরা। ১৫ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা ও কম্যুনিটি এ্যাক্টিভিস্টরা বলেছেন, কেয়ারটেকার সরকারের মধ্যে লুকিয়ে থাকা বিশেষ একটি গ্রুপের কারণে জাতীয় কনভেনশনের অনুমতি প্রদানে গড়িমসি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২১ মার্চের কনভেনশনের অনুমতি দিতেও যদি সরকার কার্পণ্য প্রদর্শন করে তাহলে বিনা অনুমতিতেই সেদিন সম্মেলন ঘটিয়ে স্বাধীনতার বীর সৈনিকদের সাথে এহেন ঔদ্ধত্ব প্রদর্শনের উপযুক্ত জবাব দেয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া ঢাকায় জাতীয় প্রেসক্লাবে রাজাকার জামাতনেতা কামরুজ্জামানকে ধাওয়া করার ঘটনাকে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাত্তরের ঘাতকদের বেলায়ও প্রয়োগের আহবান জানিয়েছেন প্রবাসী মুক্তিযোদ্ধারা। বিবৃতিতে বলা হয়েছে য, ২৫ মার্চ কালো রাত স্মরণে নিউইয়র্কের অনুষ্ঠান থেকে এই প্রবাসেও ঘাতকদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শনের সামাজিক আন্দোলনের শুভ সূচনা ঘটানো হবে। বিবৃতিদাতারা হলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের ডঃ নূরন্নবী, ডঃ মহসিন আলী, এম ফজলুর রহমান, আবু তাহের বীর প্রতিক, সিরাজউদ্দিন আহমেদ, এম এ জলিল, আব্দুল মোসাব্বির, নূরনবী কমান্ডার, মোজাহিদুল ইসলাম, এম এ রাজ্জাক, ইসমাইল খান আনসারী, বাদল আকন্দ, খোরশেদ আনোয়ার বাবলু, শওকত আকবর রীচি, আবুল মনসুর খান, হারুন চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফাহিম রেজা নূর, খোরশেদ খন্দকার, ডঃ প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ সিদ্দিকুর রহমান, সহসভাপতি সৈয়দ বসারত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রচার সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের আহবায়ক আর আমিন প্রমুখ।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, যুদ্ধাপরাধী
Evergreen Bangla Community



Post Your Comments