জাতীয় সংসদ নির্বাচনের তারিখ প্রসঙ্গে সিইসির বক্তব্যে প্রবাসে স্বস্তি
জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার যে প্রত্যয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ব্যক্ত করেছেন সে বক্তব্যকে স্বাগত জানিয়েছেন প্রবাসের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ। ১৫ মার্চ বার্তা সংস্থা এনাকে নেতৃবৃন্দ জানিয়েছেন, নির্বাচনের তপসিল ঘোষণাকে কেন্দ্র করে প্রবাসেও ধম্নম্রজাল সৃষ্টি করা হয়েছে, এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে তা দূর হয়ে যাবে। কেননা কেয়ারটেকার সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করা। নেতৃবৃন্দ উল্লেখ করেন, তবে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্ভুল ভোটার তালিকা তৈর এবং কালো টাকার মালিক ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিতদেরকে নির্বাচন থেকে দূরে রাখার বিষয়টিও নিশ্চিত করার দায়িত্ব কেয়ারটেকার সরকারের। এ দাবিতেই তদানিন্তন প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছিলেন এবং নিবাচন বর্জন করেছিলেন। নেতৃবৃন্দ উল্লেখ করেন, সময়ের পরিক্রমায় আজ সে সব দিনের কথা যারা ভুলতে চান তারা প্রকৃত অর্থে বাংলাদেশে সুশাসন কায়েম হউক এটা চান না, বরঞ্চ তারা চান নিজেদের দুর্বৃত্তপনাকে প্রসারিত করতে। নেতৃবৃন্দ বলেন, গুটিকতক স্বার্থান্বেষী লোকের কারণে নির্বাচন যাতে পুনরায় বিতর্কের সূচনা করতে না পারে সে দিকে কেয়ারটেকার সরকার ও নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন ব্যবসায়ী ও কম্যুনিটি এক্টিভিস্ট শওকত হোসেন, ফোবানা বাংলাদেশ সম্মেলন কমিটির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব ওবায়দুল হক, সমন্বয়কারী ও বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সাংগঠনিক সম্পাদক মিনহাজউদ্দিন বাবর, বরিশাল বিভাগ সমিতির নেতা মামুনুর রশীদ মামুন, কোম্পানীগঞ্জ সমিতির নেতা এম এ মালেক, সালাহউদ্দিন আহমেদ, টি এম সিদ্দিকুর রহমান প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত শনিবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনডিপি প্রশাসক কামাল দারভিসের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা সাংবাদিকদের জানান যে, ইসির হাতে খসড়া ভোটার তালিকা আসবে জুনের মধ্যে। তখনই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ খবর ইন্টারনেট এডিশনের সংবাদপত্রে পাঠের পরই উপরোক্ত নেতৃবৃন্দ এনাকে ফোন করে এ মতামত দিয়েছেন। আরো উল্লেখ্য যে, কদিন আগেই ক্যাপিটল হিলে বৈঠকের সময় কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের অর্ধ ডজন সদস্য অবিলম্বে নির্বাচনের তপসিল ঘোষণার গুরুত্বারোপ করেছেন।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: জাতিসংঘ, বাংলাদেশ সোসাইটি
Evergreen Bangla Community
Post Your Comments