নিউইয়র্কের সাংবাদিকরা শ্রদ্ধা জানানেল বজলুর রহমানকে
নিউইয়র্কের সাংবাদিকরা শ্রদ্ধা জানানেল আজীবন আপোষহীন সাংবাদিক দৈনিক সংবাদ সম্পাদক বজলুর রহমানের প্রতি। তাঁর স্মরণে আয়োজিত শোকসভায় প্রবীণ-নবীন সব সাংবাদিক মরহুম বজলুর রহমানের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনকে বাংলাদেশের সাংবাদিকতা জগতে অনুকরণীয় দৃষ্ঠান্ত হিসাবে চিহ্নিত করে তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে বৃত্তি প্রচলনের উদ্যোগের তাগিদ দেন। এই বৃত্তি বাস্তবায়নে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ বাংলা ও বাংলা টাইমস’র সম্পাদক ড. চৌধুরী সারওয়ারুল হাসান প্রতি বছর পাঁচ‘শ ডলার প্রদানের ঘোষণা দেন।
জ্যাকসন হাইটসে বাংলা টাইমসের সভাকক্ষে গত ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত শোকসভায় নিউইয়র্কে কর্মরত ও বসবাসরতঃ প্রায় সব সাংবাদিক উপস্থিত হয়ে বিনীত শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা ও ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনার ইস্পাত কঠিন পূজারী বজলুর রহমানের প্রতি। মরহুম বজলুর রহমানের শোকসভাটি নিউইয়র্কের সংবাদ মাধ্যমের কর্মীদের এ যাবৎ কালের বৃহৎ সমাবেশ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। নিউইয়র্কের বাংলা সংবাদ মাধ্যমের সকল কর্মীর পক্ষে বার্তা সংস্থা বর্ণমালা নিউজ‘র সম্পাদক মাহফুজুর রহমানের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলে রশিদ। সভা পরিচালনা করেন বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়নের সাবেক সহ সভাপতি মনজুর আহমদ। মরহুম বজলুল রহমানের সাথে দীর্ঘ দিন কর্ম অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন দৈনিক সংবাদ’র মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করা প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ ও দৈনিক সংবাদের সাবেক সিনিয়র সাব এডিটর নিনি ওয়াহেদ, সংবাদের সাবেক ক্রীড়া সাংবাদিক রওশন জামিল, শিহাব উদ্দিন কিসলু ও সিতাংশু গুহ। সাংবাদিকতা জীবনে চলার পথে মরহুম বজলুর রহমানের সাথে নানা সময়ের নানা স্মৃতি নিয়ে কথা বলেন প্রবীণ সাংবাদিক কাজী মন্টু, মঈনউদ্দিন নাসের। বজলু ভাই’র প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বক্তব্য রাখেন নিউইয়র্কের প্রবীণ সাংবাদিক মোহাম্মদউল্ল্যাহ, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান, সাপ্তাহিক দেশ বাংলা ও বাংলা টাইমর’র সম্পাদক চৌধুরী সারওয়ারুল হাসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ খান, সাপ্তাহিক বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তাহের, ফাহিম রেজা নূর, খন্দকার কাইয়ূম ও বদিউজ্জামান খসরু ও জ্যোতি প্রকাশ দত্ত।
সভায় বিভিন্ন বক্তা সাংবাদিক বজলুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার এক বলিষ্ঠ ব্যক্তিত্বকে হারিয়েছে বলে মন্তব্য করেন। বর্তমান সময়ে দেশে সাংবাদিকতা পেশায় যে অবক্ষয় চলছে সেই স্রোতের বিপরীতে সাংবাদিকতার পেশার মহান ব্রতকে পালন করে সকল লোভ লালসার উর্দ্ধে থেকে এবং চাটুকারিতার প্রতিযোগিতায় যোগ না দিয়ে সত্য প্রকাশে নির্ভিক ছিলেন বজলুর রহমান- শোকসভায় এভাবেই স্মরণ করলেন সবাই তাদের প্রিয় বজলু ভাইকে।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের নিউইয়র্ক প্রতিনিধি মাহমুদ খান তাসের, সাপ্তাহিক জন্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক শিকদার হুমায়ুন কবির, সাপ্তাহিক বাঙালীর চিফ রিপোর্টার গোলাম মল্লিক, বার্তা সংস্থা ইউএনএ‘র সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক বাংলা টাইমস‘র নির্বাহী সম্পাদক সন্জীবন কুমার, এটিএন বাংলা‘র রিপোর্টার আবু দারদা যোবায়ের, এনটিভি‘র রিপোর্টার ফকির সেলিম, বাংলা টাইমস‘র রিপোর্টার মমিন মজুমদার প্রমূখ।
সূত্রঃ বর্ণমালা নিউজ, নিউইয়র্ক।
Bangla Community News Tags: দৈনিক ইত্তেফাক, বাংলা টাইমস, সাপ্তাহিক জন্মভূমি, সাপ্তাহিক বাঙালী
Evergreen Bangla Community
Post Your Comments