খালেদা-হাসিনার মুক্তি দাবিতে নিউইয়র্কে একইদিনে ৬টি সমাবেশ

সাবেক দুই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবিতে ২ মার্চ রোববার নিউইয়র্কে পৃথক আয়োজনে ৬টি সমাবেশ/সংবাদ সম্মেলন হয়েছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবিতে ১০ মার্চ হোয়াইট হাউজের সামনে বড় ধরনের একটি সমাবেশ থেকে প্রেসিডেন্ট বুশ, কন্ডোলিজা রাইসসহ আন্তর্জাতিকভাবে প্রভাবশালী মহল সমীপে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ জন্যে তারা কর্তৃপক্ষের অনুমতিও পেয়েছে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন।

শেখ হাসিনার মুক্তি দাবিতে সারাবিশ্বে জনমত গঠনের লক্ষ্যে ২ মার্চ লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মানীসহ বিভিন্ন স্থানে একযোগে ‘ভয়েজ ফর শেখ হাসিনা’ ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানের সমন্বয় করা হয় নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বনফুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমাবেশ থেকে। ভয়েস ফর শেখ হাসিনা ফোরাম আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের আহবায়ক হাজী এনাম এবং পরিচালনা করেন ফোরামের সদস্য-সচিব এম এ রহিম। ওয়েবসাইটের উদ্বোধন করেন নিউজার্সীর কাউন্সিলম্যান এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ নূরন্নবী। এ সময় বক্তৃতাকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন দত্ত বলেন, ওয়েবসাইটের পরিকল্পনাকারী ছিলেন আশি এবং নব্বইয়ের দশকের ছাত্রলীগ নেতারা। কিন্তু তারা জরুরী অবস্থার মধ্যে বসবাস করে এ ধরনের কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হওয়ার সাহস পাননি। এজন্যেই যুক্তরাষ্ট্র যুবলীগের প্রচার সম্পাদক এম এ রহিম এবং যুবলীগের অন্যতম সংগঠক হাজী এনামের নেতৃত্বে ওয়েবসাইট পরিচালনার যাবতীয় কর্মকান্ড গ্রহণ ও সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে। এম এ রহিম এ সময় বলেন, সারাবিশ্বে জননেত্রী শেখ হাসিনার মুক্তির জন্যে চলমান আন্দোলনকে আরো বেগবান এবং আন্তর্জাতিক জনমতকে সুসংগঠিত করার ক্ষেত্রে এ ওয়েবসাইট (ভয়েস ফর শেখ হাসিনা ডট কম) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে যদি সকলেই এটি ব্যবহার করেন। এই ওয়েবসাইটের মাধ্যমে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে আন্তর্জাতিক মহলকে স্মারকলিপি প্রদানের জন্য। এছাড়া শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে কী ধরনের ষড়যন্ত্র চলছে বর্তমান বাংলাদেশে সে ব্যাপারগুলোও স্থান পাবে এ ওয়েবসাইটে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিক মাহমুদ পিন্টু, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোসাব্বির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ডঃ প্রদীপ রঞ্জন কর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ডঃ মহসিন আলী, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, সেক্রেটারী আনিসুল হুদা রিপন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের আহবায়ক মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম প্রমুখ বক্তৃতা করেন। এই ওয়েবসাইট উদ্বোধনের পরই যুক্তরাষ্ট্র যুবলীগের এক সমাবেশ অনুষ্ঠিত হয় শেখ হাসিনাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি, জরুরী আইন প্রত্যাহার, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে। একইদাবিতে শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের আয়োজনে বাংলা গার্ডেন রেস্টুরেন্টে আরেকটি সেমিনার হয়েছে ২ মার্চ সন্ধ্যায়। সেমিনারে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক বাদল আকন্দ এবং মডারেটর ছিলেন সংগ্রাম পরিষদের সদস্য-সচিব কায়কোবাদ খান। সেমিনারে অংশ নেন ডঃ নূরন্নবী, ডঃ মহসিন আলী, ডঃ প্রদীপ রঞ্জন কর, ক্যাপ্টেন (অবঃ সচীন কর্মকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র ইউনিটের কমান্ডার নূরনবী, আব্দুল মোসাব্বির, যুক্তরাষ্ট্র স্বাধীনতা চেতনামঞ্চের সদস্য সচিব হেলাল মাহমুদ, একাত্তরের ঘাতক নির্মূল কমিটির সদস্য-সচিব ফাহিম রেজা নূর, মুক্তিযোদ্ধা সিরাজুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সোহরাব সরদার প্রমুখ।

এদিকে শেখ হাসিনার মুক্তি এবং একাত্তরের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রবাসেও সামাজিক অবরোধ রচনার আহবান জানিয়ে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের এক সভা হয়েছে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায়।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবিতে ২ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসে মোহাম্মদী মিলনায়তনে যুক্তরাষ্ট্র বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র শাখার অন্যতম সহসভাপতি হাজী সোলায়মান ভূইয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলীম মৃধা। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন ঠাকুর এবং সেক্রেটারী আবু সাঈদ আহমেদও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। নেতৃবৃন্দ বলেন, চিকিৎসার স্বার্থে অবিলম্বে বেগম জিয়া এবং তারেক রহমানকে মুক্তি দিতে হবে।

বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে জ্যাকসন হাইটসে খান বাবা রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র যুবদলের অপর অংশের নেতা ফারুক মজুমদারের সভাপতিত্বে আরেকটি সংবাদ সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল। সভাপতিত্ব করেন ফারুক হোসেন মজুমদার এবং পরিচালনা করেন আতাউর রহমান আতা। এখান থেকে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করা হয় সংলাপের নামে বিএনপির মূল নেতৃত্বকে এড়িয়ে চলার মনোভাব পোষনের জন্য। এছাড়া রাজনৈতিক বক্তব্য প্রদানের জন্যে সেনাপ্রধানের অব্যাহতি কামনা করা হয় রাষ্ট্রপতির কাছে।

এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের চেয়েও গুরুতরভাবে অসুস্থ বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে বিদেশে সুচিকিৎসার জন্যে কেন প্যারলে মুক্তি দেয়া হচ্ছে না সে প্রশ্ন করেছেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি মোস্তফা কামাল পাশা বাবুল এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন। ২ মার্চ এক যুক্ত বিবৃতিতে তারা বলেছেন, একদেশে দুই আইন চলে কীভাবে? মানবিক কারণে হলেও অবিলম্বে কোকোকে সরকার প্যারলে মুক্তি দেবেন বলে নেতৃবৃন্দ আশা পোষণ করেছেন।

সূত্রঃ এনা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: , , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!

সাম্প্রতিক খবর

Bangla Blog