৫১ শহীদ মিনারে প্রবাসীদের শ্রদ্ধাঞ্জলী: সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার দাবি
সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার, অবিলম্বে জরুরী আইন প্রত্যাহার করে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং জীবনের সর্বস্তরে বাংলা প্রচলনে সরকারের প্রতি উদাত্ত আহবানে আমেরিকায় প্রবাসীরা মহান একুশে উদযাপন করেন। একুশের প্রথম প্রহরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে, জ্যাকসনহাইটসে ঢাকা মিলনায়তন, ঢাকা ক্লাব, টিবিসি মিলনায়তন, এনটিভি মিলনায়তন, ব্রুকলীনে সুগন্ধ্যা রেস্টুরেন্টসহ আমেরিকার বিভিন্ন সিটিতে নির্মিত ৫১টি অস্থায়ী শহীদ মিনারে সমবেত বাঙালিরা শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন করেন শহীদদের প্রতি। একুশের অবিস্মরণীয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গান গাইতে গাইতে সকলে শহীদ বেদীতে পুস্প অর্পণ করেন। গভীর শোক-শ্রদ্ধা-ভালোবাসায় প্রবাসেও এ বছর একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন রাজনৈতিক পরিবেশে। দেশে চলছে জরুরি আইন। দুর্নীতির অভিযোগে কারাবন্দি দুই প্রধান রাজনৈতিক দলের দুই প্রধান নেতা ও সাবেক প্রধানমন্ত্রীসহ অধিকাংশ প্রধান রাজনীতিকরাই। ফলে অন্যান্য বছরের মতো এবার শহীদ মিনারগুলোতে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পরস্পরকে বিদ্রুপ করে শ্লোগানের পরিবর্তে একইভাষায় সকল রাজবন্দির মুক্তির আন্দোলনকে জোরদারের সংকল্প ব্যক্ত করেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ইসমত জাহান, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মোহাম্মদ শামসুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপকমিটির সহসম্পাদক এডভোকেট শফিক মাহমুদ পিন্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী (আন্তর্জাতিক) আব্দুল লতিফ সম্রাট একুশের প্রথম প্রহরে পুষ্প অর্পন করেন। নিউইয়র্কের প্রধান প্রধান সামাজিক-সাংস্কৃতিক-আঞ্চলিক-পেশাজীবী সংগঠনের ব্যানারে সকলে শহীদ মিনারে সমবেত হন। মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তানেরাও একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধা প্রদর্শন করেন।
বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের উদ্যোগে ঢাকা ক্লাবে, জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে কুইন্স প্যালেস মিলনায়তনে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এনটিভি ভবনে, ব্রুকলীন বিজনেস এসোসিয়েশন, বৃহত্তর নোয়াখালী সমিতি, সন্দ্বীপ সমিতিসহ বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগে সুগন্ধ্যা রেস্টুরেন্টে, জ্যাকসন হাইটসের বাঙালিদের উদ্যোগে ৭৩ স্ট্রীটে একুশের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদর্শনের অনুষ্ঠানে ৩ শতাধিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, জাতিসংঘ, বাংলাদেশ সোসাইটি, বিএনপি, যুদ্ধাপরাধী
Evergreen Bangla Community



Post Your Comments