ফ্লোরিডাবাসী শেখ হাসিনার যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে
শেখ হাসিনার কানের চিকিৎসা খরচসহ যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার যাবতীয় খরচ বহনের অঙ্গিকার করে ফ্লোরিডাবাসী আজ এক সভায় মিলিত হন। ফ্লোরিডা মেট্র আওয়ামী লীগ এবং সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের পৃথক উদ্যোগে অনুষ্ঠিত দুটি সমাবেশ থেকে দলমত নির্বিশেষে সকলে তহবিল সংগ্রহের অঙ্গিকার করেন এবং কেয়ারটেকার সরকারকে তা আনুষ্ঠানিকভাবে জানানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম ফজলুর রহমান আজ মঙ্গলবার সকালে বার্তা সংস্থা এনাকে এ তথ্য জানিয়ে বলেছেন, আর্থিক কারণে জননেত্রী শেখ হাসিনার কান চিরতরে বিনষ্ট হয়ে যাবে এটা কোন বাঙালির কাম্য হতে পারে না। তিনি বলেছেন, যতদ্রুত সম্ভব তাকে মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসার ফলোআপের জন্যে আসার সুযোগ দেয়া হউক।
ফ্লোরিডা মেট্র আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে পরিচালনা করেন এই শাখার সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ জুয়েল।
এদিকে ২৪ ফেব্রুয়ারি নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর এক সভায় শেখ হাসিনার মুক্তি এবং চিকিৎসার জন্যে যুক্তরাষ্ট্রে আসার সুযোগদানের আহবান জানানো হয় কেয়ারটেকার সরকার সমীপে। এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সহসভাপতি সৈয়দ বসারত আলী এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এবং সাধারণ সম্পাদক আনিসুল হুদা রিপন অপর এক বিবৃতিতে সভানেত্রী শেখ হাসিনার চিকিৎসার ফলোআপের জন্যে তহবিল সংগ্রহের এক সভা আহবান করেছে ২ মার্চ। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদও চিকিৎসা তহবিলের পরিকল্পনা নিয়েছে। মোট কথা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের সভানেত্রীর চিকিৎসার তহবিল গঠনের জন্যে ব্যাপক তোড়জোর শুরু করেছেন।
সূত্রঃ ইউএনএ, নিউইয়র্ক।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শেখ হাসিনা
Evergreen Bangla Community


Post Your Comments