এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
বাংলাদেশে মানবাধিকার লংঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষনা কর্মকর্তা আব্বাস ফয়েজ। ১৩ ফেব্রুয়ারি লন্ডনে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দফতরে যুক্তরাজ্য বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ প্রসঙ্গে আব্বাস ফয়েজ উলে্নখ করেন, সাবেক দুই প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের গ্রেফতার এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের গুরুতর অভিযোগ, বন্দি অবস্থায় ঢাকা সিটি কাউন্সিলের কমিশনার কাইয়ুম নিহত, তারেক রহমান অসুস্থ হয়ে পড়া, হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পাবার পরই জেলগেটে কিংবা বাসায় যাবার পথে পুনরায় গ্রেফতারের ঘটনবালী গভীর পর্যবেক্ষণে রয়েছে। তিনি বলেন, এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খানের সাথে সম্প্রতি ঢাকা সফর করেছি। সে সময়েও আমরা অনেক কিছু প্রত্যক্ষ করেছি। সকলেই আশা করছেন বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটবে। দীর্ঘ দেড় ঘন্টার এ বৈঠক শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব কমরউদ্দিন বার্তা সংস্থা এনাকে উপরোক্ত তথ্য জানিয়ে আরো বলেন, বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে বেশী জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়া এবং তার দুই পুত্রকে দীর্ঘদিন যাবত আটক রাখার মাধ্যমে কেয়ারটেকার সরকারের রাজনৈতিক প্রতিহিংসাপরায়নতার নগ্ন বহিঃপ্রকাশ ঘটছে বলে আমরা অভিযোগ করেছি। হাই কোর্ট থেকে জামিন প্রদানের পরও তারেক রহমানসহ অনেক নেতাকে মুক্তি না দেয়ার মাধ্যমে বিচার বিভাগের নির্দেশকেও প্রহসনে পরিণত করা হচ্ছে বলে আমরা অভিযোগ করেছি।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আরমান রফিক ছিলেন প্রতিনিধি দলে। আলহাজ্ব কমরউদ্দিন বলেন, আমাদের বৈঠক চলাকালেই খবর পাই যে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। তিনি ওষুধ গ্রহনের অনুমতি চেয়েছিলেন তাও দেয়া হয়নি-এভাবে বিএনপির প্রবীণ একজন নেতার সাথে বর্তমান প্রশাসন অমানবিক আচরণ করেছে।
আব্বাস ফয়েজ প্রতিনিধি দলকে বলেছেন যে ঢাকা সফরের সময় তিনি কারাবন্দি সিগমা হুদার সাথে সাক্ষাৎ করেছেন। সে সময়ই জেনেছেন বন্দিদের সামগ্রিক অবস্থা।
সূত্রঃ এনা, লন্ডন।
Evergreen Bangla Community


Post Your Comments