আসকারীকে অভিনন্দন জানালেন প্রেসিডেন্ট জর্জ বুশ
নিউইয়র্কের সাবওয়েতে এক ইহুদী যুবককে একদল খ্রীস্টান যুবকের আক্রমণ থেকে রক্ষা করে সারা আমেরিকায় তার সাহসিকতার জন্য অভিনন্দিত ও পুরস্কৃত হবার পর বাংলাদেশী যুবক হাসান আসকারী এবার আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকেও তার বীরত্বপূর্ণ কাজের জন্য অভিনন্দন পেলেন। গত ২৭ জানুয়ারী রোববার রাতে ক্যাপিটল হীলে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষন শেষে প্রেসিডেন্ট জর্জ বুশ আসকারীকে অভিনন্দন জানান। কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো চেয়ারম্যান জোসেফ ক্রাউলির উদ্যোগে স্টেট অব দ্য ইউনিয়নে যোগ দেবার বিরল সম্মানের অধিকারী হন হাসান আসকারী। ভাষন শেষে আসকারী ও ক্রাউলির সাথে ছবি তুলেন প্রেসিডেন্ট বুশ।
এ সময়ে কংগ্রেসম্যান ক্রাউলি বলেন, নিজের জীবন বিপন্ন করে কান্ডজ্ঞানহীন ও জাতিবিদ্বেষী কাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো আসকারী। তার সাহসিকতা আমেরিকা যে শ্রেষ্ঠত্বের গর্ব করে তারই প্রকাশ।
স্টেট অব ইউনিয়নে যোগ দেবার প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে নিউইয়র্কের বাংলাদেশী কলেজ ছাত্র হাসান আসকারী বলেন, আমি কংগ্রেসম্যান ক্রাউলিকে ধন্যবাদ জানাই আমাকে স্টেট অব ইউনিয়নে যোগ দেবার সুযোগ করে দেবার জন্য। আসকারী আরও বলেন, আমি কখনও ভাবতে পারিনি সাবওয়েতে একজন সহযাত্রীর সাহায্যে এগিয়ে আসার ঘটনা আমাকে ক্যাপিটল হীলে আসার সুযোগ করে দিবে। এখানে আসতে পেরে এবং দেশের শ্রেষ্ঠ নেতৃবৃন্দের সাথে দেখা করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।
এর আগে গত ১৩ জানুয়ারী কংগ্রেসম্যান আউলি তার উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুয়িশ সেন্টারে হাসান আসকারীর সম্মানে এক ব্রেক ফার্স্ট পার্টির আয়োজন করেন। সেখানে তার হাতে ইউএস কংগ্রেসের দেয়া সম্মামনা প্রদান করেন। পার্টিতে বাংলাদেশী ও জুয়িশ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
সূত্রঃ বর্ণমালা নিউজ, নিউইয়র্ক।
Evergreen Bangla Community


Post Your Comments