তারেক রহমান স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না - কানাডা বিএনপি নেতা মিন্টু
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড গত মঙ্গলবার দুই ঘন্টাব্যাপি তার চেকআপ করান।। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনির্ভাসিটির (পিজি হাসপাতাল) ফিজিক্যাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক সিরাজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড তারেক রহমানের বিভিন্ন প্যাথলজি রিপোর্ট দেখেন। পরে তাকে পুনরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ পুত্র তারেক রহমানকে ওইদিন সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে প্রিজন ভ্যানে করে হাসপাতালে আনা হয়। এ সময় তিনি পুলিশের ঘাড়ের ওপর ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গাড়ি হতে নামেন এবং হাসপাতালের ডি ব্লকের লিফটে সাততলায় উঠে তারপর একইভাবে হেঁটে বোর্ড রুমে যান। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসকগন প্রায় দু’ঘন্টাব্যাপি তারেক রহমানের বিভিন্ন প্যাথলজি রিপোর্ট পর্যালোচনা করেন। মেডিকেল বোর্ডে উপস্থিত এক চিকিৎসক জানান, তারেক সাহেবের কোমড়ে ও পায়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না।
এদিকে তারেক রহমানকে পিজি হাসপাতালে নেয়ার খবর পেয়ে তাকে এক নজর দেখতে হাসপাতালে ছুটে আসেন কয়েক হাজার নেতাকর্মী। ছাত্রদল, যুবদল, তাঁতীদলসহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। কয়েকটি বিদেশি সংবাদ সংস্থার সংবাদকর্মীকেও এ সময় হাসপাতাল প্রাঙ্গনে দেখা গেছে। সেখানে আরো উপস্থিত ছিলেন কানাডার রাজধানী অটোয়া বিএনপির সভাপতি সৈয়দ ফারুক আনোয়ার মিন্টু। তিনি বলেন, আমরা প্রবাসী বিএনপির নেতাকর্মীরা জিয়া পরিবারের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে ঐক্যবদ্ধভাবে ক্যাম্পেইন করছি। তারেক রহমানকে নববর্ষের শুভেচ্ছা জানাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলাম। ডিআইজি প্রিজনের কাছে বিএনপির প্রবাসী নেতাকর্মীদের পক্ষে ফুলের তোড়া ও শুভেচ্ছা কার্ড দিয়ে এসেছি। হাসপাতালে সাক্ষাতের সুযোগ পেলাম। আশাকরি উপযুক্ত চিকিৎসা পেলে তিনি শিগগির সুস্থ হয়ে উঠবেন।
উল্লেখ্য,সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানকে রিমান্ডে নিয়ে শারিরিক নির্যাতন করা হয়েছে বলে তিনি আদালতের কাছে অভিযোগ করেছেন। তারপর নিউইয়র্কসহ বিভিন্ন দেশে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছেন বিএনপির প্রবাসী নেতাকর্মীরা। তারেক রহমানকে গত বছরের ৭ মার্চ সেনানিবাসের বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৭টি দূর্নীতি ও চাঁদাবাজির মামলা রয়েছে।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Evergreen Bangla Community


Post Your Comments