বগুড়ায় যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে ইংরেজি মাধ্যম স্কুল হচ্ছে
বগুড়ায় গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য ব্রিটিশ স্কুলের আদলে ইংরেজি মাধ্যম স্কুল স্থাপিত হচ্ছে। যুক্তরাজ্যে বৃহত্তর বগুড়া এসোসিয়েশন (জিবিএ) উদ্যোগে স্কুলটি নির্মিত হবে। শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে বীরগ্রামে সাড়ে ছয় বিঘা জমি ক্রয় করা হয়েছে। স্কুলের কার্যক্রম প্রাথমিক পর্যায় দিয়ে শুরু হলেও ক্রমান্বয়ে তা উচ্চ মাধ্যমিক পর্যন্ত উন্নীত করা হবে। সম্প্রতি বগুড়া পর্যটন মোটেলে জিবিএ-ইউকে সুধী সমাবেশের আয়োজন করে। সভায় সাবেক সচিব ড. আবদুর রহিম, জেলা প্রশাসক হুমায়ুন কবির, সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুলতান আলী, প্রবীণ শিক্ষক তাজমিলুর রহমান ও শ্যামল ভট্টাচার্য, ডা. মনিরুজ্জামান, ব্যবসায়ী শিপন, যুক্তরাজ্য থেকে আগত জিবিএ প্রতিনিধি এনআই সরকার, ডা. আরএইচ খান জিন্নাহ, মোস্তাফিজার রহমান, এসএম জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, বগুড়া চেম্বারের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান পাইকাড়, শজিমেক হাসপাতালের অধ্যক্ষ মওদুদ হোসেন আলমগীর পাভেল, শিল্পপতি আমজাদ হোসেন তাজমা, জিলা স্কুলের প্রধান শিক্ষক শফিকুর রহমান, সাংবাদিক রবিউল হক খান প্রমুখ।
ডা. জিন্নাহ জানান, এটি হবে একটি অলাভজনক প্রতিষ্ঠান। ২০১০ সালে প্রথম ফেজের নির্মাণ কাজ শুরু হবে। পরের বছর প্রথম শ্রেণীতে ৯০ জন মেধাবী ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে স্কুলের কার্যক্রম শুরু হবে। আস্তে আস্তে ক্লাস বৃদ্ধি পাবে। এখানে আবাসিক ও অনাবাসিক দু’ব্যবস্থাই থাকবে। তিনি আরও জানান, অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এ স্কুল স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনা করবে গ্রেটার বগুড়া এসোসিয়েশনের কার্যকরি পরিষদ। যুক্তরাজ্যের শিক্ষক মন্ডলী স্কুলের পাঠদানে বিশেষ ভূমিকা রাখবেন। স্কুলের ব্যয় বহনে প্রবাসীদের অনুদান ও বিট্রিশ বিভিন্ন সাহায্য সংস্থার কাছে আবেদন করা হবে বলে তিনি জানিয়েছেন। শিক্ষার্থীদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে স্থানীয় স্কুলগুলোকে অনুসরণ করা হবে। তিনি স্কুলটি প্রতিষ্ঠায় বৃহত্তর বগুড়াবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক ও অন্য অতিথিরা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Evergreen Bangla Community
Post Your Comments