ঢাকায় ‘প্রবাসী সম্মেলন’ প্রত্যাখ্যান করে নিউইয়র্কে সর্বস্তরের প্রবাসীদের প্রতিবাদ সমাবেশ
ঢাকায় প্রবাসী বাংলাদেশীদের নামে কথিত ‘প্রবাসী সম্মেলন’ বর্জনের ডাক দেয়া হয়েছে উত্তর আমেরিকায় বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বকারীদের এক সমাবেশ থেকে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে। সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আকতার হোসেন। প্রবাসী সম্মেলন হচ্ছে অথচ প্রবাসীরা জানেন না-এটা কেমন সম্মেলন-এ প্রশ্ন এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত সকলের।
আলী ইমামের পরিচালনায় ‘বাংলাদেশ আমেরিকান এডুকেশন এন্ড কালচারাল সোসাইটি’ আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে ৫টি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহিত হয়েছে। এগুলো হচ্ছে, ১. কথিত সম্মেলনে যোগদানে বিরত থাকার আহবান জানিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের কাছে স্মারকলিপি প্রেরণ, ২. ঢাকায় প্রবাসীদের নামে তথাকথিত যে সম্মেলন ২০০৭ অনুষ্ঠিত হচ্ছে তা প্রত্যাখ্যান এবং সরকারের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন, ৩. এই সভা মনে করে যে, ঢাকায় প্রবাসীদের সম্মেলন ২০০৭ একটি বিতর্কিত পরিবেশ সৃষ্টি করেছে। এই সম্মেলনে যারা যাচ্ছেন বলে শোনা যাচ্ছে তারা কেউই প্রবাসীদের প্রতিনিধিত্ব করেন না, তাই এ সমাবেশে প্রধান উপদেষ্টাকে যোগদান থেকে বিরত থাকার আহবান জানানো হচ্ছে, ৪. এ সভা মনে করছে যে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ূন কবির এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মোহাম্মদ শামসুল হক কেয়ারটেকার সরকারকে প্রবাসীদের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ সম্পর্কে সঠিক তথ্য জানাতে কার্পণ্য করেছেন। শুধু তাই নয় প্রবাসী সম্মেলনের ব্যাপারেও কঠোর গোপনীয়তা অবলম্বন করে চলেছেন। তাই এ দু’জনকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নইলে কম্যুনিটির সকল অনুষ্ঠানে তাদেরকে বয়কট করা হবে এবং ৫. আয়োজক হিসেবে ‘স্কলার বাংলাদেশ’ এর নেতৃত্ব প্রদানকারী দম্পতি শামীম-রূপার ব্যাকগ্রাউন্ড চেক এবং এই সম্মেলনের নামে তারা কত কোটি টাকা চাঁদাবাজি করেছে তার হিসাব উদ্ধারের দাবি জানাচ্ছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সভাপতি নার্গিস আহমেদ, সাবেক সভাপতি ডা. মাইনুল ইসলাম মিয়া, সাবেক সভাপতি ও জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূইয়া, বাংলাদেশ ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল সিদ্দিকী, কৃষিবিজ্ঞানী ড. সিদ্দিকুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব নিউইয়র্কের সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ও ব্রুকলীনস্থ চার্চ-ম্যাকডোনাল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ওবায়দুল হক, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি আব্দুস শহীদ, নারায়ণগঞ্জ সমিতির সভাপতি নির্মল পাল, বাংলাদেশ ইয়েলো সোসাইটির সভাপতি রবিউল খান মজলিস, রূপসী চাঁদপুর সমিতি ও জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সহসভাপতি হারুন ভূঁইয়া, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি সরাফ সরকার, মিরশরাই সমিতির জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি গিয়াস আহমেদ, বাংলাদেশ এগ্রিকালচার ও সাইন্টিস্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, প্রবাসী বরিশাল সমিতির সভাপতি শাহ আলম, বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আজহারুল হক মিলন, গোলাপগঞ্জ সমিতির সভাপতি হাজী আবদুর রহমান, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দীন বাবর, নিজাম আহমেদ জুয়েল, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট ড. দেলওয়ার হোসেন, কাজী মনোজ ও শাহানা রহমান এবং আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আযম।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Evergreen Bangla Community


Post Your Comments