ঘূর্নীদূর্গতদের সাহায্যার্থে ২য় হ্যাপী ফ্যামিলি নাইট ২০০৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে
গত বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবারো সারম্বরে বর্ষবরন ও ঈদ উৎসব পালনের জন্যে আয়োজন করা হয়েছে ‘ হ্যাপী ফ্যামিলি নাইট’ ২০০৭। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো ব্যাপক অনুষ্ঠানমালা দিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান এবং দুটি পৃথক মঞ্চে অনুষ্ঠান পরিবেশিত হবে। একটি বড়দের জন্যে, একটি শিশুদের জন্যে। শিশুদের মঞ্চে পরিবেশিত হবে কানাডিয়ান ম্যাজিক শো, গান, নাচ, কবিতা, ছড়া, পাপেট শো ইত্যাদি। সেই সাথে রয়েছে বিভিন্ন রকম প্রতিযোগিতা ও খেলা। বড়দের জন্যে রয়েছে ব্যাপক অনুষ্ঠানমালা। টরন্টোর জনপ্রিয় শিল্পীদের সাজানো ভিন্নমাত্রিক অনুষ্ঠান মালা সকলকে আনন্দিত করবে। ব্যাংকোয়েট হলের ভিতরে এবার থাকবে লাইট ও সাউন্ডের অভিনব ব্যবহার যা এর আগে কোন বাংলাদেশী অনুষ্ঠানে দেখা যায়নি। ম্যাগাজিন অনুষ্ঠানের ঢংয়ে সাজানো পরিবেশনার চারটি পর্ব চার রকম করে গ্রন্থনা করছেন আয়োজক চারজন। তাঁরা হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শামীম, উইনিং ব্যান্ডের প্রধান শিল্পী চন্দন, তরুন ও জনপ্রিয় শিল্পী মাহবুব এবং বিশিষ্ট আবৃত্তিকার, কবি ও সংগঠক অনন্ত আহমেদ। সেই সাথে রয়েছে ডিজে এবং ড্যান্স ।
এখানে উল্লেখ্য যে গত বছর মিসিসাগার টরবরাম ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত প্রথম হ্যাপি ফ্যামিলি নাইট ব্যাপকভাবে দর্শক নন্দিত হয়। বিশেষ করে শিশুদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয় সেই আয়োজন। কানাডিয়ান ক্লাউন, প্রতিযোগিতা এবং খেলাধূলায় শিশুরা মেতে থাকে রাত ৩টা পর্যন্ত। বৈরী আবহাওয়া, ঈদের দিন, যাতায়তের দূরত্ব ইত্যাদি বাধাকে উপেক্ষা করে সেখানে জড়ো হয়েছিলো পাচশতাধিক দর্শক।
এবারের আয়োজন আরো বড় পরিসরে এবং বাংলাদেশী অধ্যুষিত এলাকায় ৩০০ ড্যানফোর্থ রোড ( বলিউড ব্যাংকোয়েট হল এবং সংলগ্ন বিরাট হল) এ অনুষ্ঠিত হবে। সহস্রাধিক দর্শকের জন্যে এবারের আয়োজন।
এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ঘূর্নীদূর্গতদের জন্যে সাহায্য সংগ্রহ করা এবং ইতিমধ্যে সাড়া পাওয়া গেছে বিভিন্ন মহল থেকে। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই আয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ থিয়েটার অব টরন্টো, সঙ্গঁীতা সঙ্গঁীত বিদ্যালয়, আলমপিয়া সঙ্গঁীত বিদ্যালয়, নৃত্যকলা কেন্দ্র, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি, ক্বনন, সঞ্চারী, ধ্রুপদ, উইনিং, বেঙ্গলী কালচারাল সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, সুরবানী সঙ্গীত নিকেতন, ছায়ানট, নান্দনিক ফাইন আটর্, ইয়র্ক বাংলাদেশ ফেডারেশন, সাতসুর সঙ্গঁীত ও নৃত্য ইত্যাদি। সকলের অংশগ্রহনে এবার আনন্দের পাশাপাশি দেশে দুর্গত মানুষদের পাশে দাড়াবার এই সুযোগ সফল হবে বলে আমাদের বিশ্বাস।
সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি এই কর্মতৎপরতায় সাগ্রহ সহযোগিতা ও অংশগ্রহণ করার জন্য। সেই সাথে রয়েছে প্রচারের অপূর্ব সুযোগ। আসুন সম্পৃক্ত হই, একতাবদ্ধ হই।
সূত্রঃ এনওয়াই নিউজ, নিউইয়র্ক।
Evergreen Bangla Community


Post Your Comments