চেক রহস্য - নতুন জটিলতায় বাংলাদেশ সোসাইটি
বাংলাদেশ সোসাইটি নতুন করে আবারো জটিলতায় পড়েছে। সোসাইটির একটি চেক নিয়ে নতুন জটিলতা দেখা দিয়েছে, একজন কর্মকর্তাকে দুই মিটিং-এর জন্য সাসপেন্ড করা হয়ছে এবং সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ও কার্যকরী পরিষদের সদস্য খোরশেদ আনোয়ার বাবুল সদস্যপদ চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের করা হয়েছে তার শুনানী হবে আগামী ২২ আগস্ট। এই কয়েকটি বিষয় নিয়ে বাংলাদেশ সোসাইটি নতুন করে জটিলতায় পড়েছে। সোসাইটির কোষাধ্যক্ষ নিশান রহমান জানিয়েছেন, সোসাইটি একজনকে ৫০ ডলারের জন্য একটি চেক দিয়েছিল। তিনি চেক জমা দিয়ে ৫০ ডলার ক্যাশ করেছেন। অন্যদিকে গত ৫ আগস্ট কে বা কারা এই চেক নম্বর ব্যবহার করে টেলিফোনে সোসাইটির একাউন্ট থেকে আরো ২০১৫ ডলার উঠিয়ে তার এইচ.এস.বি.সি'র ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করেছেন। কোষাধ্যক্ষের বিচক্ষণতার কারণেই এই বিষয়টি ধরা পড়ে। বিষয়টি জানার পর সোসাইটির কর্মকর্তাগন সোসাইটির ব্যাংক কমার্স ব্যাংকে যান এবং বিষয়টি ব্যাংকে জানানোর পর তারা ২০১৫ ডলার সোসাইটির একাউন্টে ফেরত দেয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
অন্যদিকে সোসাইটির কর্যকরী কমিটির এক সভায় নির্বাচিত সাহিত্য সম্পাদক খান শওকতকে দুটি মিটিং-এর জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। কারণ হিসাবে জানানো হয়েছে যে তিনি নিজ উদ্যোগে অন্যত্র সাহিত্য সভা করার সিদ্ধান্ত নেন।
সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, নিউইয়র্ক, ১৭ আগস্ট ২০০৭।
Evergreen Bangla Community


Post Your Comments