জ্যাকসন হাইটসের ঢাকা ট্রাভেল্স’র জাফরের বিরুদ্ধে চার্জ গঠন
রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন জ্যাকসন হাইটসের ঢাকা ট্রাভেল্স'র মোহাম্মদ জাফর। এ জন্যে তার বিরুদ্ধে ইউইস ডিস্ট্রিক্ট কোর্টের গ্রান্ড জুরিরা ১৮ জুন চার্জ গঠন করা হয়েছে। একইসাথে ইয়াকুব আলীকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
মামলার বিবরণে প্রকাশ, ডাউন টাউন ম্যানহাটানের ইয়াকুব আলী পত্রিকায় বিজ্ঞাপন দেখে জ্যাকসন হাইটসের ঢাকা ট্রাভেল্স'র জাফরের কাছে গিয়েছিলেন ক্রেডিট রিপেয়ার করার জন্য। আর সেটি হয়েছে তার কাল। তার ব্যক্তিগত সকল তথ্য ব্যবহার করে মোহাম্মদ জাফর ব্যাঙ্কে একাউন্ট খুলে প্রায় ৮২৩৫০ ডলার ড্র করেছেন। এ ঘটনা ২০০৫ সালের আগস্ট থেকে ২০০৬ সালের আগস্টের মধ্যে ঘটানো হয়েছে। স্বদেশী অসহায় ইয়াকুব আলীর ব্যক্তিগত তথ্য (সোস্যাল সিকিউরিটি নম্বর, জন্ম তারিখ ইত্যাদি) চুরি করে মোহাম্মদ জাফর জ্ঞাতসারে এহেন অপকর্ম করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২৫ এপ্রিল ভোর রাতে নিউইয়র্ক সিটির কুইন্স থেকে রিয়েল এস্টেট প্রতারণার মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার অভিযোগে আরো ৯ জন বাংলাদেশীকে গ্রেফতারের সময় মোহাম্মদ জাফর ও ইয়াকুব আলীকে গ্রেফতার করা হয়েছিল। পরে ইয়াকুব আলী নিজেকে নির্দোষ প্রমাণে সক্ষম হওয়ায় ১৯ জুন তাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
ক্রেডিট রিপেয়ার করে দেয়ার পরিবর্তে অসহায় বাংলাদেশীদের সর্বনাশের সাথে কম্যুনিটির আরো কয়েকজন জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। সময় থাকতেই যদি সংশ্লিষ্টরা সাবধান না হন তাহলে হয়তো আরো অনেককেই একই ভাগ্য বরণ করতে হবে।
সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, নিউইয়র্ক, জুন ২৯, ২০০৭
Evergreen Bangla Community
Post Your Comments