ব্রিটিশ নির্বাচনে প্রথম বাংলাদেশী নারী
ব্রিটেনের সংসদ নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বাংলাদেশী বংশোদ্ভূত একজন নারী৷ রওশন আরা আলী৷ তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন লেবার পার্টির টিকিটে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এবং বো নির্বাচনী এলাকা থেকে৷ সেখানে শতকরা ৭০ শতাংশ অধিবাসী বাংলাদেশী৷ তাই তার নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনাটাও খুব উজ্জ্বল৷ তার ওপর নানা ধরনের জনকল্যাণমূলক কাজের সঙ্গেও যুক্ত তিনি৷
টাওয়ার হ্যামলেট কলেজের গভর্নরের দায়িত্ব পালন করেছেন এবং জিএমসি ট্রেড ইউনিয়নের সঙ্গে ১০ বছর জড়িত ছিলেন রওশন আরা আলী৷ কমনওয়েলথ অফিসের ইসি ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চের কাজ করেছেন দেশে-বিদেশে৷ বর্তমানে তিনি বেথনাল গ্রিনের ইয়ং ফেডারেশনের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন৷ ৭ বছর বয়সে পরিবারের সঙ্গে লন্ডন চলে যান তিনি৷ ব্যক্তিজীবনে এখনো অবিবাহিত৷ ইউএনবির সঙ্গে এক সাক্ষাত্কারে রওশন আরা আলী জানান, পূর্ব লন্ডনের লেবার পার্টির এই আসনের ভোটারদের অধিকাংশই বাংলাদেশী৷ তাদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী লেবার পার্টি একজন বাংলাদেশী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে৷
মধ্যপ্রাচ্যে বিশেষত ইরাকে ব্রিটিশ সৈন্য প্রেরণ সম্পর্কে তিনি বলেন, এটা একটা ভুল সিদ্ধানত্ম৷ এজন্য লেবার পার্টির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় তিনি এ পদক্ষেপ সমর্থন করেন না৷ তিনি বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক জোরদার করতে ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, হাউজ অফ কমন্সে কাজ করার সময়বাংলাদেশের জন্য ব্রিটিশ সহায়তা বাড়াতেও কাজ করেছেন তিনি৷ অক্সফোর্ড থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া রওশন আরা নির্বাচনে জেতার পর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উন্নত শিক্ষা কার্যক্রম, উন্নত স্বাস্থ্যসেবা এবং গৃহায়ন সমস্যা সমাধানে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন৷
Evergreen Bangla Community


Post Your Comments