হাওয়ার্ডের মন্তব্যে অস্ট্রেলিয়ান মুসলমানরা ক্ষুব্ধ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের কয়েকটি মন্তব্যে দেশটির মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ হাওয়ার্ড গতকাল আমেরিকায় প্লেন হামলার পঞ্চম বার্ষিকীতে বলেন, মধ্যপন্থী মুসলমানদের উচিত সন্ত্রাসবাদের সমালোচনায় সোচ্চার হওয়া এবং ইসলামি সন্ত্রাসবাদের সমালোচনার ব্যাপারে কোনো ব্যক্তিরই ইতস্তত করা উচিত নয়৷ তিনি মুসলমানদের প্রতি ইসরেলের অস্তিত্বও স্বীকার করে নেয়ার আহ্বান জানান৷ তার এসব মন্তব্যের কড়া সমালোচনা করে একে বিভেদমূলক বলে আখ্যায়িত করেছেন দেশটির মুসলিম নেতারা৷ এএফপি, রয়টার্স৷

‘দি অস্ট্রেলিয়ান’ পত্রিকায় দেয়া সাক্ষাত্কারে হাওয়ার্ড বলেন, সন্ত্রাসবাদের সমালোচনা করার ব্যাপারে আমাদের ইতস্তত করা উচিত নয়৷ কোনো ভদ্র, প্রকৃত মুসলিম সন্ত্রাসীদের সমর্থন করতে পারে না৷ পরে স্কাই টিভির সঙ্গে এক সাক্ষাত্কারে হাওয়ার্ড মুসলমানদের ইসরেলের অস্তিত্ব স্বীকার করে নেয়ারও আহ্বান জানান৷ তিনি বলেন, ইসরেলের অস্তিত্ব স্বীকার এবং প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে সন্ত্রাসবাদীদের একটি যুক্তিকে মিটিয়ে দেয়া সম্ভব হবে৷ বার্তা সংস্থা রয়টার্স জানায় সোমবার হাওয়ার্ড বলেন, অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ধর্মীয় গোঁড়ামি উসকে দিচ্ছে এবং দেশের ঐক্য বাধাগ্রস্ত করছে৷ হাওয়ার্ডের এ মন্তব্যে অস্ট্রেলিয়ান মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ এর আগে এ মাসের শুরুতে তিনি দেশের মুসলমানদের অস্ট্রেলিয়ার মূল্যবোধে উদ্বু্‌দ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, এটা সন্ত্রাসবাদের সমালোচনায় মুসলমানদের এগিয়ে আসতে সহায়তা করবে৷ অস্ট্রেলিয়ার মুসলিম নেতারা হাওয়ার্ডের সমালোচনা করে বলেন, তার মন্তব্য অসহিষ্ণুতা ছড়িয়ে দিয়েছে৷ হাওয়ার্ডের মন্তব্যের পর মুসলমানদের ওপর হামলা হয়েছে বলে তারা হুশিয়ার করে দেন৷ ইসলামিক ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কায়সার ট্র্যাড বলেন, মুসলমানদের প্রতি আলাদাভাবে নির্দেশ না করে তার উচিত ঐক্যের চেতনাকে জাগিয়ে তোলা৷

অস্ট্রেলিয়ান ফেডারেশন অফ ইসলামিক কাউন্সিল বলেছে, ২০০১ সালে আমেরিকায় সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় বোমা হামলায় অস্ট্রেলিয়ানদের নিহত হওয়ার ঘটনায় অস্ট্রেলিয়ার মুসলিম নেতারা বরাবরই সমালোচনায় সোচ্চার ভূমিকা পালন করেছেন৷ উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় দুই লাখ ৮০ হাজার মুসলমান বাস করে যা এর জনসংখ্যার ১ দশমিক ৫ শতাংশ৷ আমেরিকায় ১১ সেপ্টেম্বর হামলার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া তার সন্ত্রাসবিরোধী আইনগুলোকে আরো কঠোর করে কিন্তু মুসলিম নেতাদের অভিযোগ এ আইনগুলোর মাধ্যমে তাদের অন্যায়ভাবে টার্গেট করছে সরকার৷

স্কাই টিভির সাক্ষাত্কারে হাওয়ার্ড আমেরিকার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে আফগানিস্তান ও ইরাকে অস্ট্রেলিয়ার সেনা মোতায়েনের সমর্থন করেন৷ তবে প্রেসিডেন্ট বুশের এ ঘনিষ্ঠ মিত্র বলেন, তিনি কখনোই বিশ্বাস করতেন না যে সাদ্দাম হোসেনের সঙ্গে ওসামা বিন লাদেনের কোনো যোগাযোগ আছে৷

উত্সঃ দৈনিক যায়যায়দিন, ২০০৬.০৯.১২

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!