সোনালী এক্সচেঞ্জ-এসটিভি ফুটবল লীগঃ রোববার থেকে কোয়ার্টার ফাইনাল শুরু
গত ১৬ই জুলাই রোববার নিউটাউন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সোনালী এক্সচেঞ্জ-এসটিভি ফুটবল লীগে নির্ধারিত ৪ খেলার মধ্যে ৩টিতে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। অপর খেলাটি ড্র হয়। রোদজ্বলা দুপুরে প্রচন্ড গরম আর উচ্চ মাত্রার হিউমিডিটির মধ্যে ফুটবলারদের খেলতে অসুবিধা হলেও প্রাণপণ লড়াই করে উপভোগ্য করে তুলেছিল টিমগুলি। তীব্র তাপদাহ উপেক্ষা করে প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী লীগের খেলা উপভোগ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মহিলা ও শিশু দর্শকদের উপস্থিতি।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আয়োজিত ফুটবল লীগের দিনের প্রথম খেলায় নোয়াখালী একতা স্পোর্টিং ক্লাব ২-১ গোলে নবাগত কুশিয়ারা ইউনাইটেডকে পরাজিত করে। ইতোমধ্যে এই দুই দলই কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। সুরমা গ্রুপ থেকে সুরমা একাদশ নাম প্রত্যাহার করায় খেলার আগেই উক্ত দূই দল পরবর্তী রাউন্ডে উঠে যায়। জানা গেছে, সিলেট থানা সমিতির বিবদমান দুই গ্রুপের কোন্দলের কারণে তাদের পরিচালিত সুরমা ফুটবল দল এবারের লীগে খেলতে পারেনি। সুরমার অনুপস্থিতি গ্রুপে উভয়ের মধ্যকার ম্যাচটি ছিল চ্যাম্পিয়নশীপ নির্ধারণী খেলা। শিরোপা প্রত্যাশী একতা আক্রমনাত্মক খেলা উপহার দিয়ে জয় ছিনিয়ে নেয়।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি ২-০ গোলে শক্তিশালী নিউজার্সি ইউনাইটেডকে পরাজিত করে পদ্মা গ্রুপে পূর্ণ পয়েন্ট অর্জন করে কোয়ার্টার ফাইনালে ওঠার পথ সুগম করেছে। উভয় দলের পয়েন্ট সমান তিন।
মোহামেডান লীগের প্রথম খেলায় রানার্স আপ জ্যামাইকা স্পোর্টস ক্লাবকে পরাজিত করলেও দ্বিতীয় খেলায় পেনসিলভেনিয়া বাঙ্গালী সকার এসোসিয়েশনের সাথে গোলশূন্য ড্র করেছে। তবে ড্র করেই দুই খেলায় ৪ পয়েন্ট নিয়ে লীগের প্রথম দল হিসাবে পরবর্তী রাউন্ড কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। মেঘনা গ্রুপে পেনসিল্ভেনিয়া ও জ্যামাইকার খেলার ফলাফল যাই হোক মোহামেডানের জন্য কোন বাধা হবে না। পেনসিলভানিয়া জয়ী হলে গোল ব্যবধানে চ্যাম্পিয়নশ নির্ধারিত হবে। জ্যামাইকা স্পোর্টস জয়ী হলে মোহামেডান গ্রুপ চ্যাম্পিয়নশীপ লাভ করবে।
লীগের শক্তিশালী টিম সোনার বাংলা একাদশকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে সন্দ্বীপ। খেলায় জয়ী হলেও কর্মকর্তা ও সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি সন্দ্বীপ।
২৩শে জুলাই রোববারের খেলা
০৩.৪৫ মিঃ বঙ্গ স্পোর্টিং বনাম জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি
০৫.৩০ মিঃ জ্যামাইকা স্পোর্টস ক্লাব বনাম পেনসিলভেনিয়া বাঙ্গালী সকার এসোসিয়েশন
০৬.৪৫ মিঃ ওজোন পার্ক বনাম সন্দ্বীপ
[উত্সঃ সাপ্তাহিক বাঙ্গালী, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.২৩]
Evergreen Bangla Community
Post Your Comments