নিউ ইয়র্কে রিহ্যাব মেলায় তিন দিনে ১১০ কোটি টাকার ব্যবসা

৪৪৩ প্লট, ১৫৬ এপার্টমেন্ট এবং ৭টি বাণিজ্যিক স্পেস বিক্রি এবং সহস্রাধিক গ্রাহকের সাথে মৌখিক চুক্তির মাধ্যমে নিউ ইয়র্কে ৩ দিনের রিহ্যাব হাউজিং মেলা গত রোববার রাতে শেষ হয়েছে। মেলায় ১১০ কোটি টাকার ব্যবসা হয়েছে বলে রিহ্যাবের সেক্রেটারী ইঞ্জিনিয়ার তানভিরুল হক প্রবাল বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন। গত বারের তুলনায় এবার ৩০ কোটি টাকা কম ব্যবসা হলেও এবার অনেক বেশী ক্রেতার সন্ধান মিলেছে।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটান সেন্টারের বলরুমে এই মেলায় ব্রাক ব্যাংকসহ ৪৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। ৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন ভিসাজনিত জটিলতায় শেষ পর্যন্ত মেলায় আসতে পারেননি।

২০০৪ সালের প্রথম মেলায় ২৯টি প্রতিষ্ঠান অংশ নিয়ে ৫ দিনে ৪০ কোটি টাকার ব্যবসা করেছিল। ২০০৫ সালে ৩৮টি প্রতিষ্ঠান অংশ নিয়ে ২ দিনে ব্যবসা করেছিল ১৪০ কোটি টাকার।

এবারের মেলার উদ্ধোধন করেছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী বীর বিক্রম। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত সচিব ইকবাল উদ্দিন চৌধুরী ও রাজউকের চেয়ারম্যান কে এ এম হারুন নিউ ইয়র্কে এসেছিলেন।

এবারের মেলায় ৪১টি ডেভেলপারের ৪৮টি স্টল ছিল। ৩০ থেকে ৪৫ লক্ষ টাকার ফ্ল্যাট ও ৩ এবং ৫ কাঠার জমি বিক্রয় হয়েছে বেশি। কনকর্ড ও সাগুফতা সহ কয়েকটি ডেভেলপারের প্রাইম লোকেশনে লাক্সারী এপার্টমেন্ট ছিল বিক্রয়ের তালিকায়। গুলশান, বনানী, পূর্ব বারিধারায় এসব ফ্ল্যাট তারা কোটি টাকায় বিক্রয় করেছেন বলে জানা গেছে।

মেলায় দর্শনার্থী ছিল আড়াই হাজার যা গাতবারের তুলনায় এক হাজার কম।

[উত্সঃ সাপ্তাহিক বাঙ্গালী, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.১৬] 

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Free Membership. Join Now!